প্রকাশ্য অনুষ্ঠানে চিফ হুইপ আ স ম ফিরোজের দেওয়া ‘ক্রেস্ট নয়, ক্যাশ চাই ক্যাশ’ ব্যক্তব্যকে তাঁর ‘অনানুষ্ঠানিক বক্তব্য’ বলে দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ। তারা বলেছে, চিফ হুইপের রাজনৈতিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
গতকাল বুধবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে জেলা ও বাউফল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি করা হয়।
জাতীয় সংসদের চিফ হুইপ হওয়ার পর ৭ ফেব্রুয়ারি আ স ম ফিরোজকে বাউফলে গণসংবর্ধনা দেয় স্থানীয় আওয়ামী লীগ। অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘ক্রেস্ট নয়, ক্যাশ চাই ক্যাশ’। তাঁর এ বক্তব্য বেশির ভাগ গণমাধ্যমে প্রকাশিত হয়। গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন। তিনি বলেন, ‘আ স ম ফিরোজ বাউফল থেকে ছয়বার সাংসদ নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ নামধারী একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ৭ ফেব্রুয়ারি গণসংবর্ধনায় তাঁর দেওয়া বক্তব্য গণমাধ্যমে বিভ্রান্তিকরভাবে প্রচারিত ও প্রকাশিত হওয়া তাদের ষড়যন্ত্রেরই অংশ।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘চিপ হুইপ সভামঞ্চে ফুল ও ক্রেস্ট নিয়ে ভিড় জমানো নেতা-কর্মীদের হাস্যরসের ছলে ফুল ও ক্রেস্টের পেছনে অর্থ খরচ না করে দলের কাজে অর্থ ব্যয়ের পরামর্শ দেন; যা তাঁর আনুষ্ঠানিক বক্তব্য নয়।’