চিফ হুইপের বক্তব্য সুশাসনের জন্য অশনিসংকেত: টিআইবি
‘ক্রেস্ট না, ক্যাশ চাই, ক্যাশ’—জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের চাঞ্চল্যকর বক্তব্যকে গণতন্ত্র এবং সুশাসনের জন্য অশনিসংকেত হিসেবে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অনতিবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ রোববার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ কথা বলেন।
বিবৃতিতে এ ধরনের লাগামহীন দুর্নীতি-সহায়ক অবস্থান সংসদে চিফ হুইপ পদের মর্যাদার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা বিবেচনার জন্য সংসদ নেতা ও স্পিকারের প্রতি আহ্বান জানায় টিআইবি।
ইফতেখারুজ্জামান বলেন, ‘জাতীয় গণমাধ্যমে এবং স্থানীয় কেবল চ্যানেলে প্রচারিত চিফ হুইপের ওই বক্তব্য শুধু ন্যক্কারজনকই নয়, বরং তা দেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য এক অশনিসংকেতও বটে। সংবর্ধনার জন্য উপঢৌকন হিসেবে ক্রেস্টের পরিবর্তে নগদ অর্থ প্রদানের জন্য জাতীয় সংসদের একজন দায়িত্বশীল ব্যক্তির প্রকাশ্য জনসভায় এ ধরনের নজিরবিহীন বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতি নির্মূলের অবস্থানের সাথে সাংঘর্ষিক। একইভাবে প্রকাশ্যে টাকা চাওয়া দুর্নীতিরই নামান্তর, যা অন্য দুর্নীতিবাজদের উত্সাহিত করবে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার এবং জাতীয় সংসদ কী পদক্ষেপ গ্রহণ করবেন তা দেশবাসীকে জানাবার জন্য আহ্বান করছি।’
সংবিধানের ২০(২) অনুচ্ছেদ অনুযায়ী অনুপার্জিত আয়কে পরিষ্কারভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘জাতীয় সংসদের সদস্য, এমনকি চিফ হুইপ পদে আসীন একজন ব্যক্তির পক্ষে প্রকাশ্যে অবৈধভাবে অর্থ উপার্জনের ঘোষণা দিয়ে শুধু দুর্নীতি সহায়ক অবস্থানই নেননি, বরং সংবিধান লঙ্ঘন করেছেন।’
‘নির্বাচন করতে অনেক (টাকা) লাগে’ মর্মে চিফ হুইপের বক্তব্যকে ঠাট্টা-তামাশা নয়, বরং অত্যন্ত তাত্পর্যপূর্ণ আখ্যায়িত করে নির্বাচনে কালোটাকা এবং রাজনীতি ও ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের যে ধারা সাম্প্রতিককালে হলফনামাসহ বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে, তারই এক লাগামহীন প্রাতিষ্ঠানিকীকরণের ইঙ্গিত বলে ইফতেখারুজ্জান অভিমত প্রকাশ করেন।
নিজের বক্তব্যের সপক্ষে চিফ হুইপ গণমাধ্যমকে যে সাফাই যুক্তি দেখিয়েছেন, তা-ও পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক।
ওই আত্মঘাতী বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবিলম্বে সংসদ নেতার অবস্থান পরিষ্কার করারও আহ্বান জানান তিনি। পাশাপাশি নবম সংসদে উত্থাপিত সাংসদদের আচরণবিধি খসড়া আইনটি প্রণয়নের দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক।