বান্দরবানের চিম্বুক পাহাড়কে ‘ম্রো পাহাড়’ নাম দিয়ে সেটিকে ম্রো অধ্যুষিত এলাকা হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আদিবাসী ম্রো নেতারা। গতকাল মঙ্গলবার বান্দরবানের টংকাবতি ইউনিয়নে ম্রো আদিবাসীদের আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বহিরাগতদের অবৈধভাবে ভূমি দখলের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা। সন্তু লারমা বলেন, আওয়ামী লীগ সরকার ১২ বছর আগে পার্বত্য চুক্তি করলেও তা বাস্তবায়নে এখন তেমন সদিচ্ছা দেখা যাচ্ছে না। চুক্তি নিয়ে সরকারের এমন দৃষ্টিভঙ্গির সুযোগে পর্যটন উন্নয়ন ও ইজারাদারদের নামে ভূমিদস্যু এবং সামরিক ও বেসামরিক আমলাদের কাছে জমি খুইয়ে আদিবাসীরা উচ্ছেদের ঝুঁকির মধ্যে পড়ছে। ন্যায্য অধিকার আদায়ে আদিবাসীদের এখন নতুন করে আন্দোলনের কথা ভাবতে হবে।হাসানুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এ অঞ্চলে সেনা শাসন বন্ধ করতে হবে। সরকারের অবশ্যই পার্বত্য চুক্তির বাস্তবায়ন ও আদিবাসীদের ভূমির অধিকার রক্ষা করা উচিত।