চিম্বুক পাহাড়ে পর্যটনকেন্দ্র ও ইকোপার্ক না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের অনগ্রসর ম্রো অধ্যুষিত চিম্বুক পাহাড়ে কোনো ইকোপার্ক ও পর্যটনকেন্দ্র গড়ে না তোলার জন্য ম্রোরা দাবি জানিয়েছে। ম্রো নেতারা বলেছেন, ইকোপার্ক ও পর্যটনকেন্দ্র হলে চিম্বুক পাহাড়ের নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ এবং অনগ্রসর ম্রোদের সামাজিক নিরাপত্তা বিনষ্ট হয়ে যাবে। এর ফলে ম্রো আদিবাসীরা আর টিকে থাকতে পারবে না। গতকাল সোমবার চিম্বুক ওয়াই জংশনে ম্রো ভাষা সংরক্ষণ ও উন্নয়ন কমিটির ২০ বছর পূর্তি উপলক্ষে ম্রো আদিবাসীরা এক সমাবেশ থেকে এ দাবি জানায়। বান্দরবান জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চিম্বুক ওয়াই জংশনে বেলা সাড়ে ১১টায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অংপ্রু মারমা। এতে সভাপতিত্ব করেন ম্রো ভাষা সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভাপতি রেমসং ম্রো। আরও বক্তব্য দেন ম্রো ভাষা সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক রেংরাং ম্রো, সাংগঠনিক সম্পাদক সিংপাত ম্রো, সাবেক ইউপি চেয়ারম্যান অংলাই ম্রো, গ্রাম-ভাটির নির্বাহী পরিচালক প্রবীর দাশ পূজন। ম্রো নেতারা পর্যটনকেন্দ্র ও ইকোপার্ক গড়ে না তোলার দাবি জানিয়ে বলেছেন, সরকারি-বেসরকারি উদ্যোগে ম্রো অধ্যুষিত চিম্বুক পাহাড়ে ইকোপার্ক ও পর্যটনকেন্দ্র গড়ে তোলা তাদের উচ্ছেদ করার শামিল হবে।