বান্দরবানে মানবাধিকার আলোচনায় আশঙ্কা
চিম্বুকে পর্যটনকেন্দ্র হলে ম্রো আদিবাসীরা টিকতে পারবে না
বান্দরবানের চিম্বুকের চন্দ্র পাহাড়ে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণ করা হলে সেখানকার ম্রো আদিবাসীরা টিকে থাকতে পারবে না। জুমের জমি দখল করে নির্মাণ করা পাঁচ তারা হোটেল তাদের দরিদ্র ও অনগ্রসর সমাজজীবনে মারাত্মক হুমকি সৃষ্টি করবে। আগামী কয়েক বছরে চিম্বুক পাহাড়ে আর ম্রো খুঁজে পাওয়া যাবে না।
গতকাল বৃহস্পতিবার বান্দরবান প্রেসক্লাবে ‘জাতিসংঘে বাংলাদেশ সরকারের অঙ্গীকার এবং আদিবাসীদের মানবাধিকার উন্নয়নে পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় ম্রো নেতারা এসব আশঙ্কার কথা বলেছেন। অ্যাকশনএইডের সহযোগিতায় ইউপিআর মনিটরিং ফোরাম বান্দরবান শাখার উদ্যোগে জাতিসংঘের সর্বজনীন সময়ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে ফোরামের নেতারা জানিয়েছেন।
সকাল ১০টায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপিআর মনিটরিং ফোরামের সভাপতি ক্যহ্লাউ চৌধুরী। আলোচনায় অংশ নেন অ্যাকশনএইডের উপপরিচালক আনানুর রহমান, বান্দরবান সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু মারমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গণি, বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের জেলা সভাপতি জুয়ামলিয়ান আমলাই বম, থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো, বাংলাদেশ ম্রো ছাত্র অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াঙ্গুন ম্রো, চিম্বুক পাহাড়ের বাসিন্দা রেংয়ং ম্রো প্রমুখ।
পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের মানবাধিকার ও উন্নয়নে জাতিসংঘে সরকারের প্রতিশ্রুত অঙ্গীকার নিয়ে মূল প্রবন্ধে স্বাগত ধর বলেন, সরকার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সম্মেলনে প্রতিবারই পার্বত্য শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়নসহ আদিবাসীদের উন্নয়ন ও অধিকার সংরক্ষণ নিয়ে প্রতিশ্রুতি দিয়ে আসে। কিন্তু প্রতিশ্রুতি পূরণ করে না। বরং আদিবাসী নারীদের ওপর যৌন সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং চলতি বছরের মে পর্যন্ত ২৩ জন আদিবাসী নারী সহিংসতার শিকার হয়েছেন।