চিম্বুকে সেনাবাহিনীর উদ্যোগে অবকাশ যাপন কেন্দ্র হচ্ছে
তিন পার্বত্য জেলার পর্যটন খাতের উন্নয়নে কাজ করবে সেনাবাহিনী। এর অংশ হিসেবে বান্দরবানের চিম্বুকের চন্দ্র পাহাড় এলাকায় ১০০ কোটি টাকা ব্যয়ে অবকাশ যাপন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বান্দরবানে এক অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের অধিনায়ক (জিওসি) মেজর জেনারেল সফিকুল ইসলাম এ কথা বলেছেন।
অনুষ্ঠানে সেনা কর্মকর্তারা জানান, বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়ে, থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড়ে, রাঙামাটির সাজেক, কাপ্তাইসহ কয়েকটি এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
চিম্বুকে অবকাশ যাপন কেন্দ্র নির্মাণ উপলক্ষে বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেড সদর দপ্তরে গতকাল সোমবার সেনাবাহিনীর সঙ্গে আর অ্যান্ড আর হোল্ডিংসের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে জিওসি ছাড়া আরও উপস্থিত ছিলেন বান্দরবানের ব্রিগেড কমান্ডার নকিব আহমদ চৌধুরী, রাঙামাটির ব্রিগেড কমান্ডার জেনারেল মোহাম্মদ সানাউল্লাহ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল রাজু আহমেদ, থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমাসহ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলা পরিষদের সদস্যরা।
সমঝোতা স্মারকে সেনাবাহিনীর পক্ষে ২৪ পদাতিক ডিভিশনের কর্নেল বদরুল আলম এবং আর অ্যান্ড আর হোল্ডিংসের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার স্বাক্ষর করেন। সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা।
জেলা পরিষদ সূত্র জানায়, চন্দ্র পাহাড়ের (নাইতং পাহাড় নামে পরিচিত) ২০ একর জমি ৪০ বছরের জন্য সেনাবাহিনী ইজারা নিয়েছে। সেখানে চন্দ্র পাহাড় হিল রিসোর্ট গড়ে তোলা হচ্ছে। এতে পর্যটনের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা ও নীলগিরি পাহাড়ের সঙ্গে চন্দ্র পাহাড়ের মধ্যে প্রায় এক কিলোমিটার রোপওয়ে নির্মাণ করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জিওসি সফিকুল বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তিন পার্বত্য জেলা সদরে উন্নতমানের আবাসিক হোটেল নির্মাণ করা হবে। চন্দ্র পাহাড় হিল রিসোর্ট ও কাপ্তাইয়ে আবাসিক হোটেল নির্মাণের জন্য আর অ্যান্ড আর হোল্ডিংসের সঙ্গে চুক্তি হচ্ছে। দুই বছরের মধ্যে এ অবকাশ যাপন কেন্দ্র ও হোটেল নির্মাণের কাজ শেষ করা হবে।
ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী বলেন, চন্দ্র পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো জনপদ না থাকায় তাদের জীবনযাত্রায়
কোনো ব্যাঘাত ঘটবে না। বরং আন্তর্জাতিক মানের এ রিসোর্ট চালু হলে পর্যটকের আগমন বাড়বে। ফলে এ এলাকার আদিবাসীদের উৎপাদিত পণ্য বিপণনের সুযোগও বাড়বে।