চির-নূতনেরে দিল ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে/ মোর চিত্ত-মাঝে/ চির-নূতনেরে দিল ডাক/ পঁচিশে বৈশাখ।’আজ বুধবার ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সালের ৭ মে) তিনি জন্মগ্রহণ করেন। জন্মের দেড় শ বছর পেরিয়ে গেছে কিন্তু বাঙালির জীবন ও মানসে তাঁর উপস্থিতি আজও দেদীপ্যমান। তাঁর জন্মদিন বাঙালির কাছে পরিণত হয়েছে আনন্দ উৎসবের দিনে। আজ সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মধ্যে পালিত হবে সেই উৎসব।রবীন্দ্রনাথ আধুনিক বাঙালির সৃজন ও মননের জ্যোর্তিময় প্রতীক, রুচি ও মানসের প্রধান নির্মাতা। প্রায় একক চেষ্টায় বাংলা সাহিত্যকে তিনি আধুনিকতায় উজ্জ্বল করে তুলেছেন, প্রতিষ্ঠা দিয়ে গেছেন বিশ্বসাহিত্যের সারিতে। তিনি বাঙালির প্রাণের মানুষ। প্রবল অনুরাগ ও অকুণ্ঠ শ্রদ্ধার আসনে বাঙালির প্রাণে তাঁর অধিষ্ঠান। সুখে ও সংগ্রামে, বেদনা ও উদ্যাপনে কোথায় নেই তিনি! তাঁর চোখ দিয়ে বাঙালির স্বদেশ ও সংস্কৃতির স্বরূপ-দর্শন; তাঁর দৃষ্টি দিয়েই বাঙালির বিশ্ববীক্ষা।বিপুল তাঁর রচনা, বিচিত্র তাঁর বিষয়। তিনি যেখানে হাত দিয়েছেন, সেখানেই ফলেছে সোনা—কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সংগীত, ভ্রমণকাহিনি, চিঠিপত্র, সমালোচনা, চিত্রকলা সমৃদ্ধ হয়েছে তাঁর অনন্য প্রতিভায়।১৯১৩ সালে তাঁর সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্তি বাংলা ভাষা ও বাঙালির জন্য বয়ে এনেছিল বিশ্বের গৌরব। যে গীতাঞ্জলির জন্য তাঁর এই নোবেল পুরস্কার অর্জন, সেই গীতাঞ্জলি এবং আরও অনেক বিখ্যাত সৃষ্টি রচিত হয়েছে বর্তমান বাংলাদেশের মাটিতেই। পদ্মা-মেঘনা-যমুনা-ইছামতীর স্রোতধারা, পূর্ববাংলার নিসর্গ, গ্রামীণ জনসাধারণের জীবনাচার তাঁর কবিমানস গঠনে রেখেছিল সুদূরপ্রসারী ভূমিকা। সে কারণেই বাংলার তো বটেই, রবীন্দ্রনাথ একইভাবে বাংলাদেশেরও। তাঁর মৃত্যুর বহু পরে জন্ম নেওয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁরই লেখা।

যাবতীয় মানবিক আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা, অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। বাঙালির সব আন্দোলন-সংগ্রামে, সমস্যা-সংকট; বিশেষত মুক্তিযুদ্ধে তাঁর গান, কবিতা জুগিয়েছে সাহস ও প্রেরণা।

 যেমন সাংগঠনিক কর্ম, তেমনই সামাজিক উদ্যোগেও তিনি ছিলেন অগ্রণী। কৃষক ও পল্লি উন্নয়নের কথা ভেবে চালু করেছিলেন কৃষিঋণব্যবস্থা। ভেবেছেন শিক্ষা নিয়ে। প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতী। জালিয়ানওয়ালাবাগে দেশবাসীর ওপর চালানো ব্রিটিশ সেনাদের হত্যাযজ্ঞের প্রতিবাদে ত্যাগ করেছিলেন নাইটহুড খেতাব। ঔপনিবেশিক বাংলা তথা ভারতে তাঁর মতো মহিরুহের জন্ম রীতিমতো বিস্ময় জাগায়।

বাণী: প্রতিবছরের মতো এবারেও কবির জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাণী দিয়েছেন। এসব বাণীতে তাঁরা কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রবীন্দ্র জন্মজয়ন্তীর সব কর্মসূচির সাফল্য কামনা করেছেন।

কবিগুরুর জন্মদিন উপলক্ষে সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ সংখ্যা। বেতার এবং সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলো সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা।