চির প্রেরণার নাম চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চে গুয়েভারার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে চে স্মরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু ষ ছবি: প্রথম আলো
চে গুয়েভারার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে চে স্মরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু ষ ছবি: প্রথম আলো

শরতের মেঘলা বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চের সামনে তরুণ প্রজন্মের প্রদীপ্ত উপস্থিতি। মঞ্চে টাঙানো বিশাল ব্যানারে বিপ্লবী চের চিরচেনা প্রতিকৃতি। পাশে তাঁর অবিস্মরণীয় বাণী, যা বিশ্বের বঞ্চিত, নিপীড়িত মানুষকে অধিকার আদায়ের সংগ্রামে প্রেরণার উৎস হয়ে আছে, ‘বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করো।’
গতকাল ৯ অক্টোবর ছিল চে গুয়েভারার মৃত্যুবার্ষিকী। বিশ্বজুড়ে প্রতিবাদমুখর সংগ্রামের প্রতীক চেকে স্মরণ করা হলো গান, আবৃত্তি আর আলোচনায়। বক্তারা বললেন, অধিকার আদায়ের সংগ্রামে চে নতুন প্রজন্মের চির প্রেরণার উৎস হয়ে থাকবেন। রবীন্দ্রসরোবরে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করেছিল চে সংহতি। চে সংহতি এই নিয়ে পঞ্চমবারের মতো আয়োজন করল এই অনুষ্ঠান। শুরু হয়েছিল ২০০৮ সাল থেকে। গানের দল মৃত্তিকার গান দিয়ে শুরু হয়েছিল আনুষ্ঠানিকতা। ‘এই মুহূর্তে কিছু মানুষের’ গানটি শোনান মাহমুদুজ্জামান বাবু। সূচনা ভাষ্যে তিনি জানান, চের চেতনা ও আদর্শের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় ঘটিয়ে দেওয়ার সামাজিক দায়িত্ববোধ থেকেই এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
চের বিপ্লবী চেতনা ও জীবন নিয়ে আলোচনায় লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, চে সব বিপ্লবীর মধ্যে ব্যতিক্রম এই জন্য যে তিনি কেবল কোনো একটি দেশের বা কোনো জাতির জন্য বিপ্লব করেননি। তিনি বিপ্লব করেছেন বিশ্বের সব নিপীড়িত মানুষের জন্য। গোটা মানবজাতির জন্য জীবন উৎসর্গ করেছেন।
প্রাবন্ধিক মফিদুল হক একটি প্রবন্ধ পাঠ করেন। রবীন্দ্রনাথের ‘পাগলা হাওয়ার’ গানের মূল ভাবের সঙ্গে চের বিপ্লবী চেতনার তুলনামূলক আলোচনা করে এই প্রবন্ধে তিনি চের জীবনকে মানবমুক্তির স্বপ্নের উদ্গাতা বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে চেকে নিয়ে লেখা নিকারাগুয়ার কবি হোর্হে এদুয়ার্দোর কবিতায় সুর দিয়ে গানের দল নকশীকাঁথার শিল্পী সাজেদ ফাতেমী গেয়েছেন ‘তোমাকে দেখেছিলাম নিকারাগুয়ার রিভার্সে’। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, শামসুর রাহমান ও শঙ্খ ঘোষের কবিতার একটি কোলাজ আবৃত্তি করেন জাহীদ রেজা নূর।
অধ্যাপক আনু মুহাম্মদ চের কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমাদের কপালে যে অপমানের চিহ্ন, বিপ্লবের ধার দিয়ে তাকে মুছে ফেলতে হবে।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক চের উক্তি স্মরণ করে বলেন, ‘অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে দেশকে সুন্দর করে গড়ে তোলার সংগ্রামে চের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
আলোচনার পর চেকে নিয়ে লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করেন শিমুল মুস্তফা।