চিরচেনা বিনোদনের পাশাপাশি বাড়তি পাওয়া 'রিজওয়ান'
প্রেক্ষাপট কাশ্মীর। গল্পের কেন্দ্রীয় চরিত্র রিজওয়ান। রিজওয়ানের বাবাকে হত্যা করা হয়। বোনকেও ধর্ষণের পর হত্যা করে কে বা কারা। শেষে রাষ্ট্র তাকেই দায়ী করে। বলে, তুমি নিজেই তোমার পরিবারের সবাইকে হত্যা করেছ। শাস্তিস্বরূপ মেরে ফেলা হবে। রাষ্ট্র ন্যায়ের প্রতীক হয়ে রিজওয়ানকে হত্যা করে।
১ সেপ্টেম্বর রাত আটটা। পরদিন সকালে ঈদ। কোরবানির প্রস্তুতি নিচ্ছে নগরবাসী। এমন সময় রাজধানীর সেগুনবাগিচা এলাকার শিল্পকলা একাডেমিতে একটি নাটক নিয়ে শুরু হয় উৎসব। বিনোদনপিপাসু নগরবাসীর একটি অংশের কাছে ঈদের ছুটিতে এই উৎসব ছিল বাড়তি পাওনা। ঈদের ছুটিতে ‘নাট্য উৎসব’ ছিল নতুন সংযোজন।
ঈদুল আজহার আনন্দ একটু অন্য রকম। নামাজ শেষে পশু কোরবানি করা, তার মাংস কাটা, গরিব ও আত্মীয়স্বজনের মধ্যে তা বিতরণের মধ্য দিয়েই বড়দের ঈদের দিনের অধিকাংশ সময় কেটে যায়।
তবে ব্যতিক্রম দুরন্ত শিশু-কিশোরেরা। বিকেল হতে না-হতেই তারা দল বেঁধে বেরিয়ে পড়ে ভ্রমণে। তাদের আনন্দের ধরনই আলাদা। এক রিকশায় অনেকে মিলে চড়ে ফাঁকা রাজপথে ঘুরে বেড়ানো, দল বেঁধে চিড়িয়াখানা বা শিশুপার্কে যাওয়া, কোমল পানীয়ে গলা ভিজিয়ে নেওয়া। ফাঁকা রাজপথে জোরে গান বাজিয়ে গাড়ি চালিয়েও আনন্দ করেছে তরুণ প্রজন্ম।
ঈদের দিন সকাল থেকেই চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যান, রমনা উদ্যান ও শিশুপার্কে আসতে থাকে অগণন মানুষ। সরকারি-বেসরকারি পর্যায়ে নির্মিত বিনোদনকেন্দ্র নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম, শ্যামলীর শিশুমেলা খ্যাত ডিএনসিসির ওয়ান্ডারল্যান্ডেও ভিড় ছিল প্রচুর। হাতিরঝিল, ধানমন্ডির রবীন্দ্রসরোবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাম্পাস পরিণত হয় বন্ধু, সহপাঠীদের আড্ডার মিলনকেন্দ্রে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছিল নানা বয়সী মানুষের পদচারণ। জাতীয় উদ্ভিদ উদ্যানেও (বোটানিক্যাল গার্ডেন) ছিল বেশ ভিড়। ওয়ারীর বলধা গার্ডেনের চিত্র ছিল একই। ঈদের পরদিন রোববার জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লাসহ দর্শনীয় স্থানগুলোয় ছিল বিনোদনপিয়াসী মানুষের ঢল। এখানে-সেখানে ছিল সেলফি তোলার হিড়িক।
ঈদের দ্বিতীয় দিন বিকেলে শিশুপার্কে গিয়ে দেখা গেল সব রাইডেই ভিড়, নাগরদোলা আর ট্রেনে ভিড় ছিল অপেক্ষাকৃত বেশি। শিশুদের সঙ্গ দিতে এসে অভিভাবকেরাও আনন্দে ভেসেছেন।
সাত বছর বয়সী তৈরানের ইচ্ছে গাড়ি চালানো। তার মা কিছুতেই রাজি নন। তৈরানের মা সরকারি চাকুরে নাজিয়া আক্তার জানালেন, ঈদের দিন রান্নায় যাতে বাধা না দেয়, এ জন্য শিশুপার্কে নিয়ে আসার প্রতিশ্রুতি আগেই দেওয়া ছিল। তাই নিয়ে আসা। তিনি জানালেন, ছুটির দিনে বাচ্চারা বেড়াতেই বেশি পছন্দ করে। আত্মীয়স্বজনের বাড়ি যাওয়ার চেয়ে ওদের কাছে শিশুপার্কে আসাটা অনেক বেশি আনন্দের।
শিশুপার্কের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এই ঈদে তুলনামূলকভাবে দর্শনার্থী কম আসে। কেননা মানুষ মূলত কোরবানি নিয়ে ব্যস্ত থাকে। তবু বিগত তিন দিনে ৭০ হাজার দর্শনার্থী এসেছিল পার্কে।
শাহবাগের কেন্দ্রীয় শিশুপার্কের মতো শ্যামলী এলাকার শিশুমেলা খ্যাত ডিএনসিসির ওয়ান্ডারল্যান্ডের চিত্রও ছিল একই রকম। ঈদের দিন দর্শনার্থী কম ছিল বলে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক নুরুল হুদা। দ্বিতীয় দিন থেকে ভিড় বাড়লেও বিকেলের বৃষ্টি তাতে বাগড়া দেয়। গতকাল সোমবার সর্বোচ্চসংখ্যক লোকসমাগম হয়।
ঈদের পরদিন রোববার বিকেলে লালবাগ কেল্লায় গিয়ে দেখা গেল, ভেতরে লোকে লোকারণ্য। বাইরে দীর্ঘ লাইন। ভিড় ঠেলে লালবাগ কেল্লার প্রবেশ টিকিট কেটেছেন বেগমবাজারের নাসরিন আক্তার। টিকিট হাতে পেয়ে তাঁর মুখে যে আনন্দের হাসি ফুটেছিল, তা অবশ্য ম্লান হয়ে এসেছিল ভেতরে প্রবেশের জন্য লাইন দেখে। মূল ফটক থেকে ওই লাইন শেষ হয়েছে অনেক দূরে। তবে একেবারে হতাশ হননি তিনি। লাইনে দাঁড়িয়ে বললেন, ‘ঈদে পোলাগো লইয়া বাইর হইবার পারছি, এটাই বহুত ছান্তির।’
লালবাগ কেল্লার দায়িত্বে থাকা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান হালিমা আফরোজ বলেন, লালবাগ, চকবাজারসহ শহরের বিভিন্ন এলাকা থেকে দুই দিনে ১৭ হাজারের বেশি দর্শনার্থী এসেছে। মঙ্গলবার কেল্লায় দর্শনার্থীর ভিড় আরও বাড়বে বলে আশা করছেন তিনি। আজ সকাল ১০টায় খুলে যাবে কেল্লার মূল ফটক।
এবারও ঈদের আনন্দ বাড়িয়ে দিতে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও স্বাধীনতা জাদুঘরে শিশুতোষ চলচ্চিত্র বিনা টিকিটে দেখার সুযোগ করে দেওয়া হয়। ঈদের পরদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রতিষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুরা বিনা টিকিটে জাদুঘরে ঢুকতে পেরেছে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সুবিধা অব্যাহত ছিল।
হাতিরঝিলে মানুষের স্রোত
ঈদের আনন্দ রাঙিয়ে তুলতে পরিবার কিংবা প্রিয়জনের হাত ধরে হাতিরঝিলে ঘুরে বেড়িয়েছে সব বয়সী মানুষ। কেউ সোনামণিদের হাত ধরে হাঁটছেন, আবার দল বেঁধে বন্ধুরা মিলে দিয়েছেন জম্পেশ আড্ডা। নানা বয়সী মানুষের এই উপস্থিতিকে জনস্রোত বললে অত্যুক্তি হবে না। হাতিরঝিলের বুকে সন্ধ্যার পর ছিল আকর্ষণীয় মিউজিক্যাল ওয়াটার ড্যান্সিং শো। ছিল প্যাডেল বোট ও ওয়াটার ট্যাক্সিতে করে হাতিরঝিল ভ্রমণের সুযোগ। মনের আনন্দে, একটু খোলা বাতাসে ঘুরে বেড়ানোর অনুভূতিটাই যেন আলাদা—এমনটাই জানালেন হাতিরঝিলে ঘুরতে আসা দুই ভাই রিংকু ও রানা।
শিল্পকলায় রিজওয়ান উৎসব
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে ঈদের আগের রাতে শুরু হয় বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর উৎসব ‘নাটবাঙলা রিজওয়ান’। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগা শহীদ আলীর কাব্যগ্রন্থ আ কান্ট্রি উইদাউট আ পোস্ট অফিস অবলম্বনে ভারতের অভিষেক মজুমদারের ইংরেজি-হিন্দি-উর্দু ভাষায় রচিত নাট্য-আখ্যান রিজওয়ান প্রদর্শিত হচ্ছে। নাট্য-আখ্যানটির পরিকল্পনা ও নাট্য-নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। ঈদের ছুটিতে প্রতিদিনই এ নাটকের প্রদর্শনীতে দর্শকের দারুণ ভিড় আশা জাগাচ্ছে মঞ্চনাটক চর্চাকারীদের।
আয়োজকেরা জানাচ্ছেন, ১১ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১০ দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এটির ১৯টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই নাট্যোৎসবের মাধ্যমে এবারই প্রথম বাংলাদেশের বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয়-সামাজিক উৎসব ঈদের সঙ্গে মঞ্চনাট্যকে যুক্ত করা হচ্ছে। বাংলাদেশে এই প্রথম একটিমাত্র নাটকের টানা ১৯টি পরিবেশনার মাধ্যমে একক নাট্যোৎসবের আয়োজন হচ্ছে।