চিরচেনা স্বাদ ও গন্ধ মাতিয়ে তুলেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চত্বরজুড়ে পিঠাঘর। থরে থরে পিঠা সাজানো। পৌষের ভোরে শীতের জড়তা ছাপিয়ে নারী-পুরুষ-শিশুরা হাজির। চত্বরের এক প্রান্তে মঞ্চে মঙ্গলপ্রদীপ জ্বালানো হলো। এরপর সমবেত সংগীত—‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...’। গতকাল শুক্রবার সকালে এভাবেই উত্সবমুখর পরিবেশে উদ্বোধন করা হয় ‘গ্রামীণফোন পিঠা উত্সব-১৪১৬’। সিলেট নগরের মীরের ময়দান এলাকার শ্রীহট্ট সংস্কৃত কলেজ চত্বরে এ উত্সবের আয়োজক সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি’। একদিকে নৃত্য, গান আর অন্যদিকে হরেক রকম পিঠার আস্বাদনে নতুন বছরের প্রথম দিনটি ছিল নারী-পুরুষ-শিশুদের উপস্থিতিতে উত্সবমুখর পরিবেশে অন্য রকম। চিরচেনা স্বাদ ও গন্ধ সবাইকে মাতিয়ে তুলেছিল।আয়োজকেরা জানান, গ্রামীণ-ফোনের সহায়তায় শ্রুতির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে এ উত্সবের আয়োজন করা হয়। উত্সবে ছিল তিনটি পর্ব—প্রভাতি, মধ্যাহ্ন ও বৈকালিক। প্রভাতি পর্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে সকাল আটটায় উত্সবের উদ্বোধন করেন আবৃত্তিশিল্পী রবিশঙ্কর মৈত্রী। আমন্ত্রিত অতিথি ছিলেন গ্রামীণফোন সিলেটের হেড অব রিজিয়ন জুবের আহমদ, প্রবীণ লোকসংগীতশিল্পী চন্দ্রাবতী রায় বর্মণ, উদীচী সিলেটের সভাপতি আরশ আলী, নাট্য সংগঠক নিরঞ্জন দে, সুমন্ত গুপ্ত। স্বাগত বক্তব্য দেন শ্রুতির সদস্যসচিব সুকান্ত গুপ্ত। উদ্বোধনী পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান।উদ্বোধন ঘোষণার আনুষ্ঠানিকতা শেষে উত্সবে পিঠাঘরগুলো দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পিঠার মধ্যে ভাপা, পুলি, দুধ, চিতই, পাটিসাপটা, ক্ষীর, খেজুর, তাল, সন্দেশ ও চুঙ্গা বেশি দেখা গেছে।