চিরতরে দূরে চলে গেলেন ফিরোজা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম
নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম

নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম আর নেই। আজ মঙ্গলবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
এর আগে বিকেলে চিকিৎসকেরা জানিয়েছিলেন, ফিরোজা বেগমের হৃদযন্ত্র ও কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে না। পাশাপাশি তাঁর শরীরে জন্ডিস ধরা পড়েছে। জানা গেছে, তাঁকে সুস্থ করে তোলার জন্য সব ধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু চিকিৎসায় সেভাবে সাড়া না দেওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাত রাত আটটা ২৮ মিনিটে সবাইকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে যান।

বনানী কবরস্থানে দাফন
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাতে ফিরোজা বেগমের মরদেহ অ্যাপোলো হাসপাতালের হিমাগারে রাখা হবে। কাল বুধবার তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। 
কাল সকাল নয়টার দিকে ফিরোজা বেগমের মরদেহ রাজধানীর ইন্দিরা রোড়ের বাসা কালিন্দিতে নিয়ে যাওয়া হবে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ রাখা হবে। সেখান থেকে লাশ জানাজার জন্য গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে। এরপর জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

শোক প্রকাশ

ফিরোজা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।

গুণী এই নজরুলসংগীতশিল্পীর জন্ম ১৯৩৪ সালের ২৮ জুলাই, ফরিদপুরের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে। তাঁর বাবা খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মা বেগম কওকাবুন্নেসা। স্বামী কমল দাশগুপ্ত। ফিরোজা বেগমের তিন সন্তান তাহসিন আহমেদ, হামিন আহমেদ ও শাফিন আহমেদ। মাত্র ১২ বছর বয়সে ইসলামি গান নিয়ে ফিরোজা বেগমের প্রথম রেকর্ড প্রকাশ করেছিল বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি।

ফিরোজা বেগম পেয়েছেন স্বয়ং কবি কাজী নজরুল ইসলামের দুর্লভ সান্নিধ্য। পেয়েছেন অগণন পুরস্কার ও সম্মাননা। চেষ্টা, নিষ্ঠা আর সততার গুণে নিজেকে প্রতিষ্ঠা করেছেন নজরুলসংগীতের সম্রাজ্ঞীর আসনে।

নজরুলসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশে-বিদেশে পেয়েছেন নানা পুরস্কার। স্বাধীনতা পদক, একুশে পদক, নেতাজী সুভাষ চন্দ্র পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, নাসিরউদ্দীন স্বর্ণপদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী স্বর্ণপদক, সেরা নজরুলসংগীতশিল্পী পুরস্কার (টানা বেশ কয়েকবার), নজরুল আকাদেমি পদক, চুরুলিয়া স্বর্ণপদক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট, এমন আরও অগণন পুরস্কার ও সম্মাননা। এ ছাড়াও জাপানের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিবিএস থেকে পেয়েছেন গোল্ড ডিস্ক। ফিরোজা বেগম ২০১১ সালে পেয়েছেন মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার।