চিরনিদ্রায় শায়িত আমানুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক ঘটনাবলি ক্যামেরাবন্দী করেছিলেন তিনি। জীবনকালে সারা দেশ ঘুরে শহীদ মিনারের ছবি তুলেছেন, দীর্ঘদিন কাজ করেছেন কিংবদন্তির চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সঙ্গে বরেণ্য আলোকচিত্রী আমানুল হক। তিনি এখন না-ফেরার দেশে। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারেই তাঁকে জানানো হলো শেষ শ্রদ্ধাঞ্জলি। সুহূদ, স্বজন, বন্ধু, শিল্পী, কবি, সংস্কৃতিকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানসহ সর্বসাধারণের পক্ষে তাঁকে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়।দেশের প্রখ্যাত আলোকচিত্রশিল্পী আমানুল হক গত বুধবার রাতে ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বেলা তিনটায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে এই শ্রদ্ধাঞ্জলি পর্বের আয়োজন করা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সন্ধ্যায় সেখানে চিরনিদ্রায় শায়িত হন তিনি। শহীদ মিনারের বিপরীত পাশের গগন শিরীষ গাছের ছায়াতলে শোকগাথা জানানো কালো কাপড় আবৃত ব্যানারের নিচে রাখা হয় মরদেহ। এ সময় জোট নেতাদের সঙ্গে চোখে অশ্রু ও হূদয়ে আপনজন হারানোর তীব্র বেদনা নিয়ে কফিনের কাছে উপস্থিত ছিলেন মরহুমের আত্মীয়স্বজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি পর্ব। এরপর শ্রদ্ধা জানায় বাংলা একাডেমী, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই), মুক্তিযুদ্ধ জাদুঘর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ছায়ানট, বাংলাদেশ আওয়ামী লীগ, পাঠশালা, সাহিত্য প্রকাশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ক্রান্তি শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী, ঋষিজ শিল্পীগোষ্ঠী, আবৃত্তি সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটিসহ নানা প্রতিষ্ঠান ও সংগঠন। এ ছাড়া শ্রদ্ধা জানান চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, কবি বেলাল চৌধুরী, মফিদুল হক, নাসির উদ্দীন ইউসুফ, হাসান আরিফ, আহ্কাম উল্লাহ্্সহ অনেকে। শ্রদ্ধাঞ্জলি পর্ব সঞ্চালনা করেন জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ।