চিরনিদ্রায় শায়িত খালেদা একরাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েটের উপাচার্য খালেদা একরামকে গতকাল বুধবার রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সোমবার রাতে তিনি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ছিলেন বুয়েটের প্রথম নারী উপাচার্য।
বুয়েটের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল উপাচার্যের মরদেহ ঢাকায় আনা হয়। এরপর বিকেল চারটায় বুয়েটের স্থাপত্য বিভাগের সামনে মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন। এ ছাড়া আরও শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রমুখ। বিকেল সাড়ে পাঁচটায় বুয়েটের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দাফন করা হয়।