চিরনিদ্রায় শায়িত সাব্বির ইউসুফ

খ্যাতিমান ক্রীড়া সংগঠক, বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি ও জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক চৌধুরী সাব্বির ইউসুফের দাফন সম্পন্ন হয়েছে ফরিদপুরে।
গতকাল শনিবার দুপুরে ফরিদপুর শহরের কমলাপুর এলাকার পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় সাব্বির ইউসুফকে। এর আগে জেলার শেখ জামাল স্টেডিয়ামে তাঁর তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে সাব্বির ইউসুফ ইন্তেকাল করেন। তিনি উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইউসুফ আলী চৌধুরীর (মোহন মিয়া) ছেলে এবং চৌধুরী কামাল ইবনে ইউসুফের ভাই।
গত শুক্রবার সন্ধ্যায় সাব্বিরের লাশ ঢাকায় এসে পৌঁছায়। বাদ এশা গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল ভোরে তাঁর লাশ নিয়ে যাওয়া হয় ফরিদপুরে। সকালে ফরিদপুর জুট ফাইবার্সে দ্বিতীয় জানাজা ও পরে ফরিদপুর স্টেডিয়ামে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়।