চিরনিদ্রায় শায়িত হলেন আবদুশ শাকুর
ভক্ত, অনুরাগী আর প্রিয়জনের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন কথাশিল্পী, সংগীত বিশেষজ্ঞ, নিসর্গপ্রেমী আবদুশ শাকুর। গতকাল শুক্রবার বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়। এর আগে বারডেম হাসপাতালের হিমঘর থেকে প্রথমেই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে। সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয় বাংলা একাডেমী প্রাঙ্গণে।একাডেমী প্রাঙ্গণে তাঁর প্রতি ফুলেল শ্রদ্ধা জানান শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, নাট্যজন রামেন্দু মজুমদার, কালি ও কলম সম্পাদক আবুল হাসনাতসহ অনেকে। এ ছাড়া সমাজের বিভিন্ন স্তরের মানুষ গুণী এই মানুষটির প্রতি তাঁদের শেষ শ্রদ্ধা নিবেদন করেন। আবদুশ শাকুর ১৫ জুন বিকেল পৌনে পাঁচটায় রাজধানীর ধানমন্ডির নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আবদুশ শাকুরের জন্ম ২৫ ফেব্রুয়ারি ১৯৪১ সালে, নোয়াখালীর সুধারাম থানার রামেশ্বরপুর গ্রামে। তিনি ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মান এবং ১৯৬৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর ১৯৮০ সালে নেদারল্যান্ডসের আইএসএস থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন। কর্মজীবনের প্রথমে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন। পরে যোগ দেন পাকিস্তান সিভিল সার্ভিসে। বাংলাদেশ সরকারের সচিব হিসেবে ২০০০ সালে তিনি কর্মজীবন থেকে অবসর নেন।