চিরনিদ্রায় শায়িত হলেন খালিদ মাহমুদ মিঠু

চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট চিত্রশিল্পী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রনির্মাতা খালিদ মাহমুদ মিঠু। গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার, চারুকলা অনুষদ, এফডিসি ও চ্যানেল আই কার্যালয়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর পর বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
সকাল ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খালিদ মাহমুদ মিঠুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, যেখানে লেখাপড়া করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
নাট্যব্যক্তিত্ব ইনামুল হক, রামেন্দু মজুমদার, হাশেম খান, সৈয়দ আবুল বারক আলভী, নাসির উদ্দীন ইউসুফ, আতাউর রহমান, লিয়াকত আলী লাকী, গোলাম কুদ্দুছ, ক্যাথরিন মাসুদ, মুনিরুজ্জামানসহ ব্যক্তিগতভাবে অনেকে এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় তাঁর স্ত্রী শিল্পী কনকচাঁপা চাকমা, ছেলে আর্য্য শ্রেষ্ঠ, মেয়ে শিরোপা পূর্ণাসহ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
জানাজা শেষে খালিদ মাহমুদ মিঠুর মরদেহ নেওয়া হয় এফডিসিতে। সেখান থেকে মরদেহ নেওয়া হয় চ্যানেল আই ভবনে। তিনি ছিলেন চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রথম চিত্রগ্রাহক। এ সময় চ্যানেল আইয়ের পক্ষ থেকে ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এফডিসি ও চ্যানেল আই ভবনেও তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।