চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পী বশির আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়জনের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন দেশের প্রখ্যাত শিল্পী বশির আহমেদ। বহু কালজয়ী গানে কণ্ঠদানের পাশাপাশি তিনি সুর সৃষ্টি ও সংগীত পরিচালনা করেন। এ ছাড়া সংগীত শিক্ষক হিসেবে সমৃদ্ধ করেছেন দেশের সংগীতভুবনকে।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। নিভৃতচারী প্রচারবিমুখ শিল্পী বশির আহমেদ দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসার ও হূদেরাগে ভুগছিলেন।
গতকাল রোববার সকাল থেকে শিল্পীর মরদেহ রাখা হয় তাঁর বাসভবনের সামনে। তাঁর গানের অনুরাগী শ্রোতা, শিক্ষার্থী, সংগীতশিল্পীসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ এসে তাঁর প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ছিলেন চক্ষুমুদিত। তাঁর গানের মতোই ‘ঘুম শুধু ছিল দুটি নয়নে’।
শিল্পী বশির আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সংগীতজগতে। অনেকেই সকালে তাঁর বাড়িতে ছুটে আসেন শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে। সকালে শিল্পীর বাসভবনে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় শামিয়ানা টাঙানো। খাটিয়ায় শায়িত শিল্পীর মরদেহের পাশে বসে ছেলে রাজা বশির ও মেয়ে হোমায়রা বশির কোরআন তিলাওয়াত করছেন। স্ত্রী মীনা বশির অসুস্থ। শয্যাশায়ী ছিলেন তিনি। বশির আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে যাঁরা এসেছিলেন তাঁদের মধ্যে ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, সংগীতজ্ঞ আজাদ রহমান, সংগীতশিল্পী আবদুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, আপেল মাহমুদ, ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, কনকচাঁপা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাঁওজাল, চিত্রনায়ক ওমর সানী, কবি নাসির আহমেদসহ অনেকে।
পরে দুপুরে বাদ জোহর জহুরী মহল্লা পার্ক ময়দানে তাঁর জানাজা সম্পন্ন হয়। এরপর মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স
কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় শিল্পীকে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকেই বশির আহমেদ অসুস্থ বোধ করেন। তাঁকে শরবত খেতে দেওয়া হয়। অক্সিজেন দেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুণী এই শিল্পী ১৯৩৯ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। সব ধরনের সংগীতে পারদর্শী বশির আহমেদ একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।