চিরনিদ্রায় সমাহিত কাজী বিপ্লব
গলাগলি করে কাঁদছিলেন ফটোসাংবাদিকেরা। তাঁরা সাধারণত অন্যের হাসিকান্নার ছবি তোলেন। কিন্তু ক্যামেরা হাতে নিজেরাই কাঁদছিলেন।ফটোসাংবাদিক কাজী বিপ্লব আহমেদ চিরনিদ্রায় সমাহিত হওয়ার আগে কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বটতলার চিত্র ছিল এটি। গতকাল শনিবার ওই দুটি স্থানে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ সমাহিত করা হয় আজিমপুর কবরস্থানে।গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন বিপ্লব। বেলা ১১টা থেকে পৌনে একটা পর্যন্ত সেখানে তাঁর মরদেহ রাখা হয়। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটোসাংবাদিক ফোরামের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। ফটোসাংবাদিকেরা ক্যামেরা মাটিতে রেখে এক মিনিট নীরবতা পালন করেন। গত রোবরার রাতে মহাখালী উড়ালসড়ক থেকে নামার সময় একটি মাইক্রোবাস বিপ্লবের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। গত শুক্রবার তিনি মারা যান। কাজী বিপ্লবের সর্বশেষ কর্মক্ষেত্র ছিল দৈনিক বণিক বার্তা।