চিরনিন্দ্রায় শায়িত ড. এম জহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের গভীর শ্রদ্ধা নিয়ে বনানীতে চিরনিন্দ্রায় শায়িত হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম জহির। এর আগে দুপুর ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে ড. জহিরের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে এম জহিরের কফিন নেওয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানেই তিনি কাটিয়েছেন প্রায় ৫১ বছর। এ সময় রাজনীতিবিদ, বিচারপতি, আইনজীবী ও সর্বস্তরের নাগরিকেরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ বার কাউন্সিল, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিকেল তিনটার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে এম জহিরের একমাত্র সন্তান শামস মুনীর পবিত্র রমজান মাসে কষ্ট করে জানাজায় শরিক হওয়ার জন্য উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। বাবা কোনো ভুল করে থাকলে ক্ষমা চান তিনি। জানাজায় সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান, বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, বিচারপতি এ বি এম খায়রুল হক, আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান, বিচারপতি এম এ মতিন অংশ নেন। বিচারপতিদের মধ্যে আরও ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা, মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী প্রমুখ। রাজনীতিবিদদের মধ্যে তোফায়েল আহমেদ, মওদুদ আহমদ, আবদুল মতিন খসরু, মাহবুব উল আলম হানিফ, পরিবেশ ও বনমন্ত্রী হাসান মাহমুদ, প্রমুখ জানাজায় অংশ নেন। আইনজীবীদের মধ্যে ছিলেন ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, খন্দকার মাহবুব হোসেন, এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, রফিকুল ইসলাম মিয়া, এ জে মোহাম্মদ আলী প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানাজায় অংশ নেন। সোয়া তিনটার দিকে সুপ্রিম কোর্ট থেকে এম জহিরের মরদেহ ধানমন্ডির বাসভবনে নেওয়া হয়। বাদ আসর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় সমাহিত করা হয় বাবা এম আসিরের কবরে। ড. জহিরের ভাই মোহাম্মদ জমির প্রথম আলোকে বলেন, আজ শনিবার বাদ আসর মরহুমের ধানমন্ডির বাসভবনে (বাড়ি ৫০, সড়ক ১১/এ) কুলখানি অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডের ব্যাংকক জেনারেল হাসপাতালে গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোম্পানি আইন বিশেষজ্ঞ এম জহির (৭৪)।