চিরবিশ্রামে রামকানাই দাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্ডিত রামকানাই দাশের মরদেহ গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য l প্রথম আলো
পণ্ডিত রামকানাই দাশের মরদেহ গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য l প্রথম আলো

ছয় দশক একটানা সুরের জগতে ভেসে নৈঃশব্দে বিশ্রাম নিলেন পণ্ডিত রামকানাই দাশ। বৈশাখের খরতপ্ত আলো ঝলমলে এক দুপুরে জন্ম নিয়েছিলেন আর সেই আলো নিভল ভাদ্রের মধ্যরাতে। গতকাল শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জের হাওরঘেঁষা গ্রামের বাড়িতে অগণিত গুণমুগ্ধ মানুষের চোখের জলের মধ্য দিয়ে শেষ বিদায় নিলেন একুশে পদক পাওয়া শাস্ত্রীয় সংগীতের গুরু ও কিংবদন্তিতুল্য এই লোকসংগীত শিল্পী।
গতকাল সকালে রাজধানী থেকে তাঁর মরদেহবাহী অ্যাম্বুলেন্স সিলেটে পৌঁছায়। নগরের করেরপাড়া এলাকার তাঁর বাসভবনে প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে ভিড় জমান সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। রামকানাইয়ের নিজের হাতে গড়া ফুল-ফল-সবজির বাগান ‘নন্দনকানন’-এর মাটিতে তাঁকে শুইয়ে দেওয়া হয়। ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান শিল্পীর অনুরাগীরা।
সকাল সাড়ে ১০টায় রামকানাই দাশের মরদেহ নিয়ে যাওয়া হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিশিষ্টজনেরা। এ সময় সম্মিলিত নাট্য পরিষদের ব্যবস্থাপনায় প্রায় শতাধিক সাহিত্য-সাংস্কৃতিক-সামাজিক সংগঠন শোকস্তব্ধ পরিবেশে তাঁকে ফুল দিয়ে দলে দলে শেষ শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে সাড়ে ১১টায় শিল্পীপুত্র পিনু সেন দাশ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বাবা তাঁর জন্মমাটি সিলেটের মাটি-মানুষ-গান প্রচণ্ডভাবে ভালোবাসতেন। এ অঞ্চলের লোকগান গেয়েই তিনি সুনাম অর্জন করেছেন। তাই দেশে-বিদেশে যেখানেই থাকতেন, জন্মমাটি সিলেটের প্রতি গভীর টান অনুভব করতেন।’ সব শেষে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিবেশন করা হয় ‘আগুনের পরশমণি’সহ একাধিক শোকসংগীত।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার পর পৌনে ১২টার দিকে রামকানাই দাশের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া গ্রামের উদ্দেশে রওনা হন তাঁর আত্মীয়-স্বজনেরা। বেলা তিনটায় দিরাই উপজেলার শহীদ মিনারে তাঁর মরদেহ আনা হলে তাতে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তসহ স্থানীয় ২৫টি সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। বিকেল পাঁচটায় তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত ২৭ আগস্ট রামকানাইকে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ খেয়ালগায়ক এবং লোকসংগীতের অনন্য সাধক পণ্ডিত রামকানাই দাশের শোণিতে সুরের ধারা নিরন্তর প্রবহমান। ছেলেবেলার শোকার্ত মায়ের কান্নার সুরও তাঁর কাছে প্রতীয়মান হয় শুদ্ধ কল্যাণের সুর হিসেবে। বাবার হাত ধরে তবলায় চাটি মেরে হয়েছেন যাত্রার আখড়াই বাজিয়ে, অতঃপর নিজ প্রতিভাগুণে হয়েছেন গুণী সংগীতসাধক। তালিম নিয়েছেন উচ্চাঙ্গসংগীতের রাগরাগিনীতে।
রামকানাই দাশ উচ্চাঙ্গসংগীতে পারদর্শিতা অর্জন করলেও পরিণত বয়সে রবীন্দ্রসংগীতের একজন সুদক্ষ প্রশিক্ষক হয়ে ওঠেন এবং শেষ বয়সে লোকসংগীতের সিডি প্রকাশ করে সংগীতবোদ্ধাদের তাক লাগিয়ে দেন। পাঠশালার পাঠ শেষের পর তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা-দীক্ষা এগোয়নি। কিন্তু প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ তাঁর কোনো দিনই থেমে থাকেনি।
২০১৪ সালে রামকানাই দাশ একুশে পদকে ভূষিত হন। ‘বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ (২০১২), মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা (২০১৩), সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসহ (২০১১) শতাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত সংগীত পরিষদ বিদ্যালয়টি সিলেটে শুদ্ধ সংগীত শিক্ষার একটি পীঠস্থান হিসেবে সুধী মহলে পরিগণিত হয়ে আসছে।
শোক বিবৃতি: পণ্ডিত রামকানাই দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, প্রবীণ শিক্ষাবিদ মো. আবদুল আজিজ, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, সিপিবি সিলেটের সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, অঙ্গীকার বাংলাদেশের প্রধান পরিচালক মুহাম্মদ হিলাল উদ্দিন, শিশুসাহিত্যিক তুষার কর, সিলেট মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, আবৃত্তিকার অম্বরীষ দত্ত, আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ বিশিষ্টজনসহ প্রায় শতাধিক সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন।