চিরিরবন্দরকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ওই ঘোষণা দেন।
এদিকে প্রধান অতিথি আবুল হাসান মাহমুদ আলীর বক্তব্যের সময় মঞ্চেই ঘুমি পড়েন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী।
উপজেলা প্রশাসন ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা চত্বরে গতকাল বেলা ১১টায় ওই অনুষ্ঠান হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিশুবিবাহ বন্ধ প্রকল্পের আওতায় সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় ওই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার রুহুল আমিন। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য জেড এইচ মোহাম্মদ আলী শামীম, মন্ত্রিপত্নী শাহীন আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক, সদস্য আজিম উদ্দিন সরকার গোলাপ, উপজেলা যুবলীগের সম্পাদক সোলায়মান গণি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঈনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুল হক।
পরে মন্ত্রী মহিলাবিষয়ক অধিদপ্তরের আওতায় ৩৪৮ জন নারীকে মাতৃত্বকালীন ভাতার কার্ড, উপজেলার ১০টি গ্রামের ৫৪৪ বাড়িতে নতুন বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন, সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিসের নয়জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক ও মৎস্য অধিদপ্তরের আওতায় ৯৩৬ নিবন্ধিত জেলেকে আইডি কার্ড দেন।
তবে মঞ্চে প্রধান অতিথির বক্তব্যের সময় ঘুমিয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটি কোনো খবরের বিষয় নয়। আমাকে হাইলাইটস করতে চাইলে করেন।’