চিরিরবন্দরে আ.লীগের পাঁচ সহযোগী সংগঠনের নতুন কমিটি
দিনাজপুরের চিরিরবন্দরে দুই দশক পর আওয়ামী লীগের পাঁচ সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং মহিলা লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা চত্বরে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৫ আসনের (চিরিরবন্দর-খানসামা) সাংসদ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক জানান, কাউন্সিলে যুবলীগের সভাপতি পদে সুমন দাস, সাধারণ সম্পাদক পদে সোলেমান গণি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে রেজাউল হক বুলু, সাধারণ সম্পাদক পদে লিটন বর্মণ, কৃষক লীগের সভাপতি পদে মাহবুর রহমান, সাধারণ সম্পাদক পদে খায়রুজ্জামান এবং মহিলা লীগের সভানেত্রী তরুবালা রায় ও সাধারণ সম্পাদক পদে ইসরাত জাহান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে সিফাত জাহান নির্বাচিত হয়েছেন।
ছাত্রলীগের সভাপতি পদে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল হক এবং মহিলা লীগের সভাপতি তরুবালা রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া অন্য প্রার্থীরা সরাসরি ভোটে নির্বাচিত হন। উপজেলা চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুল, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল লতিফ তারিন, জেলা কৃষক লীগের সভাপতি মাহতাবউদ্দীন সরকার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহমেদ চৌধুরী প্রমুখ।