চিরিরবন্দরে এক তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণ (২০) এক কিশোরীর (১৪) সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ওই কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করায় ওই তরুণের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ওই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ইউসুবপুর ইউনিয়নে ওই কিশোরী ও ওই তরুণের বাড়ি। গত ২২ আগস্ট বেলা একটার দিকে ফুসলিয়ে কিশোরীকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই তরুণ। এরপর ঘটনাটি কাউকে না জানাতে নানা রকম ভয়ভীতি ও হুমকি দেওয়ার পাশাপাশি ওই তরুণ কিশোরীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। এভাবে একাধিকবার ধর্ষণের একপর্যায়ে কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু নানা টালবাহানায় ওই তরুণ কিশোরীকে বিয়ে করতে সময়ক্ষেপণ করেন। পরে ওই কিশোরী নিজে বাদী হয়ে গত সোমবার রাতে থানায় ওই তরুণের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। পরে তা মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়।
চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান বলেন, কিশোরীর লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায়কে।
পলাশ চন্দ্র গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ওই রাতেই অভিযান চালিয়ে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।