চিরিরবন্দরে গুদামসহ ১০ দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্নাকুড়ি বাজারে অগ্নিকাণ্ডে পাটগুদামসহ অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। গত রোববার বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাজারের একটি দোকানে পল্লী বিদ্যুতের লাইনম্যানরা নতুন সংযোগ দিচ্ছিলেন। এ সময় শর্টসার্কিটের ফলে পাশের আরিফুর রহমানের সার ও কীটনাশকের দোকানে আগুন ধরে যায়। পরে একটি পাটগুদামসহ আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান বলেন, খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, বিদ্যুতের শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত।