চিরিরবন্দরে ট্রাক-নছিমন সংঘর্ষে পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উচিৎপুর নামক স্থানে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে গতকাল বুধবার সন্ধ্যায় মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে নছিমনের সংঘর্ষে পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত জনতা ওই মহাসড়ক অবরোধ করে।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। মালবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে দিনাজপুরে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে নছিমনের চালক আজিমুল হক (৩২), যাত্রী মাসুদ বাবু (২৮), নাজমুল হোসেন (৩৩) ও বকুল (৩০) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ১০ জন। আহত যাত্রীদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এক নারী মারা যান। তাঁর পরিচয় জানা যায়নি। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত যাত্রীরা হলেন সুলতানা পারভীন (৩২), মাহফুজা বেগম (৪০), ফাহিমা খাতুন (২৫), মিমু (দুই বছর ছয় মাস), শেফালী রানী (৪০), ভিক্টর (১৪) ও ইয়াসমিন বেগম (২৫)।এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় আটকা পড়ে শত শত যানবাহন। রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময়ও ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল বলে জানান দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক হোসেন। তবে তিনি জানান, দিনাজপুর ও চিরিরবন্দর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। জনতাকে শান্ত করে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে।