চিরিরবন্দরে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আজ শুক্রবার শীতার্ত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার বেলতলী বালিকা বিদ্যালয়ে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বেলতলী, আবদুলপুর, সরকারপাড়া, রানীবন্দর, ভেন্ডারপাড়া, বাংলাবাজারসহ ১২টি গ্রামের ২০০ জনকে কম্বল দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। আরও উপস্থিত ছিলেন বেলতলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এম এফ মোরশেদ উল আলম এবং প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি এ এস এম আলমগীর।
নান্দেরাই গ্রামের মমেনা বেওয়া (৯২) কম্বল পেয়ে বলেন, ‘বানোত তো তোরা শাড়ি দিছেলেন বা। এবার ঠান্ডাত কম্বল দিলেন। তোরা মানুষের এত উপকার করোছেন, আল্লাহ তোমার ভালো করুক।’
ইউএনও গোলাম রাব্বানী বলেন, এবারের বন্যায় প্রথম আলো এই চিরিরবন্দরসহ সারা দেশের বন্যাদুর্গত এলাকায় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা দিয়েছে। সংবাদ প্রকাশের পাশাপাশি প্রথম আলোর এ মানবিক উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
বেলতলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এম এফ মোরশেদ উল আলম বলেন, সব সময় অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন প্রতিযোগিতা, গরিব মেধাবীদের উচ্চ শিক্ষায় সহায়তাসহ প্রথম আলোর বিভিন্ন কার্যক্রম প্রশংসনীয়।