চিরিরবন্দরে মা সমাবেশে সন্ত্রাসবিরোধী আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল রোববার বেলা দুইটায় মা সমাবেেশ সন্ত্রাসবিরোধী আলোচনা হয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সোনার বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে চাইছে। তারা গুপ্তহত্যা করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের চেষ্টা সফল হবে না। জঙ্গিবাদ দমনে তিনি সবাইকে এগিয়ে এসে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এর আগে গতকাল সকাল নয়টায় পররাষ্ট্রমন্ত্রী উপজেলার বানিয়াখাড়ি থেকে ঢাকইল রাস্তায় একটি সেতু, দুপুর ১২টায় চিরিরবন্দর মিনি রাবার ড্যাম থেকে ভূষিরবন্দর রাস্তায় চিরি খালের ওপর নির্মিত ৩০ ফুট সেতু, বেলা ১টায় মামুদপুর থেকে ঘোনপাড়া রাস্তায় ইছামতী নদীর ওপর ৪০ ফুট দীর্ঘ সেতু, বেলা আড়াইটায় কোম্পানির মোড় থেকে সাতনালা ইউপি পর্যন্ত ১ কিলোমিটার পাকা রাস্তা ও ৩৪ ফুট দীর্ঘ সেতু, দক্ষিণ-পূর্ব সাইতাড়া থেকে দক্ষিণ সুকদেবপুর রাস্তায় চিরি খালের ওপর নির্মিত ৪০ ফুট সেতু, ঘণ্টাঘর থেকে কালোপীর রাস্তায় ৩৪ ফুট সেতুর উদ্বোধন করেন। এ ছাড়া বিকেল সাড়ে চারটায় উপজেলা এলজিইডির আয়োজনে ফকিরপাড়া জামে মসজিদ থেকে দপ্তরীপাড়া পর্যন্ত পাকা রাস্তার উদ্বোধন করেন।
অনুষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, প্রকৌশলী ফিরোজ আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিমুদ্দিন, যুবলীগের সম্পাদক সলেমান গনি, নান্দেড়াই কামিল মাদ্রাসার অধ্যক্ষ একরামুল হক প্রমুখ বক্তব্য দেন।