চিরিরবন্দরে মুরগির খামারিদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রয়লার মুরগির বাচ্চার দাম বৃদ্ধি ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অতিরিক্ত জরিমানা আদায়ের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মুরগির খামারিরা মানববন্ধন করেছেন।
গতকাল সকালে চিরিরবন্দরের রানীবন্দরে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আঞ্চলিক কার্যালয়ের সামনে তাঁরা ওই মানববন্ধন করেন।
ওই মানববন্ধনে মুরগির খামারি জামাল উদ্দীন আহম্মেদ, মো. মমিনুল ইসলাম, মো. আজিজার রহমান, মো. নুর ইসলামসহ আরও কয়েকজন মুরগির খামারি বলেন, আগে ব্রয়লার ও লেয়ার মুরগির প্রতিটি বাচ্চার দাম ছিল ৩০-৩৫ টাকা। বর্তমানে সেই বাচ্চা ৬০-৬৫ টাকা দামে খামারিদের কিনতে হচ্ছে। মুরগির বাচ্চার দাম বাড়লেও বড় মুরগির দাম বাড়েনি। তাঁরা আরও বলেন, তাঁদের মুরগির খামারে বাণিজ্যিক সংযোগ নেই। এ সুযোগে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে অতিরিক্ত জরিমানা আদায় করছে।
এ ব্যাপারে জানতে চাইলে পল্লী বিদ্যুতের রানীবন্দর কার্যালয়ের আঞ্চলিক মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবদুল হালিম গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অনেক খামারিই বাড়ির সংযোগ থেকে অবৈধভাবে খামারে বিদ্যুৎ ব্যবহার করেন। খামারিদের অনেক আগেই বৈধ সংযোগ নিতে বলা হয়েছে। যাঁরা নেননি, তাঁদের বিধি অনুযায়ী জরিমানা করা হয়। তবে তিনি অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।