চিরিরবন্দরে শীতের সবজিতে কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রতিটি হাটবাজারে সকাল থেকেই পাইকারি ও খুচরা দামে শীতের সবজি বিক্রি হচ্ছে। এ বছর ফলন ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি ঘুরে দাঁড়ানোরও চেষ্টা করছেন।

এদিকে রংপুরের কাউনিয়া উপজেলায় মৌসুমের শুরুতেই প্রতি কেজি ধনেপাতা ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ধনেপাতাচাষিদের মুখে হাসি ফুটেছে।

চিরিরবন্দরের সাঁইতাড়া, ইসবপুর, সাতনালা, আউলিয়াপুকুর, পুনুট্টি, ফতেজংপুর, আবদুলপুর ও ভিয়াইল ইউনিয়ন ঘুরে দেখা যায়, এসব এলাকার কোনো কোনো কৃষক সবজির পরিচর্যা করছেন। কেউ কেউ পোকামাকড় দমনে ব্যস্ত সময় পার করছেন। অনেকে সবজির খেতে সেচ দিচ্ছেন। আবার কেউ কেউ খেত থেকে ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন, বরবটি, শিম, শসাসহ নানা সবজি তুলে আনছেন।

ফতেজংপুর এলাকার সবজিচাষি মতিয়ার হোসেন বলেন, এ বছর প্রচুর সবজির আবাদ করেছেন কৃষকেরা। বেগুন, ঝিঙে, বরবটি, লাউয়ের চাষ যাঁরা করেছেন, সবাই লাভবান হচ্ছেন।

চিরিরবন্দরের রানিরবন্দরের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম ৫০ টাকা, বাঁধাকপি ৩৫, ফুলকপি ৩৫, কাঁচামরিচ ৫০, ধনেপাতা ১৫০, নাপাশাক ২৫, সরিষাশাক ২০, মুলাশাক ১০, লাউ ৪০ এবং প্রতি কেজি মুলা ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এখানকার পাইকারি বাজার থেকে কিনে খুচরা দোকানিরা কেজিতে ৫ থেকে সর্বোচ্চ ২০ টাকা বেশি দরে বিক্রি করে লাভ করছেন। অথচ পাইকারি বাজার থেকে খুচরা দোকানিদের দূরত্ব মাত্র ২০০ গজ। এ ছাড়া এই বাজার থেকে পাইকারেরা সবজি ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন।

চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহামুদুল হাসান বলেন, চলতি মৌসুমে উপজেলার প্রায় ৭০০ হেক্টর জমিতে কৃষকেরা সবজির চাষ করেছেন। সবজির ফলন ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছেন। অনেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তিনি দাবি করেন, কোন মৌসুমে কোন সবজির চাষ লাভজনক এ রকম পরামর্শসহ তাঁরা কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন।

এদিকে কাউনিয়া উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৮০ একর জমিতে ধনেপাতার চাষ হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে ২০০ টাকা কেজি দরে ধনেপাতা বিক্রি হচ্ছে।

ভেতরকুটি গ্রামের কৃষক জুলফিক্কার হোসেন বলেন, ধনেপাতার চাষ খুবই লাভজনক। এক একর জমিতে ধনেপাতার চাষ করতে সার-বীজসহ সব মিলিয়ে খরচ পড়ে ৯-১০ হাজার টাকা। মৌসুমের শুরুতে ২৫০ টাকা কেজি দরে ধনেপাতা বিক্রি হয়েছে। এখনো ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। শেষের দিকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও একরে ৫০-৬০ হাজার টাকা আয় হবে। এত কম সময়ে অন্য কোনো ফসলে তা আয় করা সম্ভব নয়।

শাহবাজ গ্রামের কৃষক মালেক হোসেন বলেন, ধনেপাতার চাষে পরিশ্রম নেই, নেই ঝামেলা। চারবার লাঙলের হাল দিয়ে চাষ করে একরে ৭০ কেজি ধনেপাতার বীজ ছিটাতে হয়। বীজ বপনের ২০ দিনের মাথায় হালকা একটা সেচ দিতে হয়। এতেই কাজ শেষ। কোনো সার বা তেমন কোনো পরিচর্যার আর প্রয়োজন নেই। ৩০ দিন পর খেত থেকে ধনেপাতা তুলে ওই জমিতে আবার ধনেপাতার চাষ করা যায়।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান বলেন, এ বছর ফলন ভালো হওয়ার পাশাপাশি দাম বেশি পাওয়ায় ধনেপাতাচাষিদের মুখে হাসি ফুটেছে। এখানকার ধনেপাতা রংপুর, লালমনিরহাট, রাজশাহী ও ঢাকায় বিক্রি হচ্ছে।