চিরিরবন্দরে হামলার ঘটনায় সিপিবি ও বাসদের নিন্দা
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বালাইবাজারে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দল দুটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এর আগে সাতক্ষীরা ও জামালপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় কোনো বিচার হয়নি। একের পর এক এই সাম্প্রদায়িক হামলার ঘটনায় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ইন্ধন রয়েছে।সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, এসব হামলার ঘটনায় কারা জড়িত, তাদের খুঁজে বের করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় এসব হামলার ঘটনা ঘটছে উল্লেখ করে তাঁরা বলেন, প্রশাসনের মধ্যে যারা হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, তাদেরও শাস্তির ব্যবস্থা করতে হবে।