চিরিরবন্দরে হামলায় দুই মুক্তিযোদ্ধা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মুক্তিযোদ্ধা ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তকালে বক্তব্য দিতে আসা পাঁচজন গত মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার মুক্তিযোদ্ধা শাহাবুল্যাহ সরকার, সুলতান মাহমুদ, জয়ন্ত কুমার রায়, মো. ইলিয়াস হোসেন ও আবদুল মালেক গত ২২ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, মুক্তিযোদ্ধাদের নিজ এলাকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় ব্যাংক হিসাবের মাধ্যমে ভাতা পাওয়ার কথা থাকলেও দুই দফা ব্যাংক হিসাব খোলার পরও উপজেলা কমান্ড কার্যালয় মাস্টাররোলের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ভাতা বিতরণ করছে। ভাতা প্রদানের সময় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এক থেকে তিন হাজার টাকা আদায় করা হচ্ছে। ভাতা পাচ্ছেন এমন চারজন মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করে অভিযোগে বলা হয়েছে, তাঁদের নামে গেজেট বা সাময়িক সনদ কোনোটাই নেই। এ রকম অনেকে সনদ না থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সম্মানী ভাতা গ্রহণ করে আসছেন।
মুক্তিযোদ্ধা মো. সুলতান মাহমুদ বলেন, গত ২৬ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে দিনাজপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেন। জেলা প্রশাসক মীর খায়রুল আলম অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ মাহমুদকে নির্দেশ দেন।
অভিযোগকারী মুক্তিযোদ্ধারা জানান, ইউএনও অভিযোগটি তদন্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল জাকির এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল হককে দায়িত্ব দেন। তাঁরা তদন্ত করে গত ৪ নভেম্বর প্রতিবেদন জমা দেন। কিন্তু প্রতিবেদন যথার্থ মনে না হওয়ায় জেলা প্রশাসক অভিযোগ পুনরায় তদন্ত করতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিক ইমামকে দায়িত্ব দেন। গত সোমবার মো. তৌফিক ইমাম চিরিরবন্দরের ইউএনওর কার্যালয়ে উভয় পক্ষের সাক্ষাৎকার নেন।
মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, সাক্ষাৎকার চলাকালে ইউএনও কার্যালয়ের পাশে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে কমান্ডার মো. মমিনুল ইসলামের অনুগত কমিটির সদস্য মো. ইউনুছ আলী, মাহবুবুর রহমান, জয়নাল আবেদীন, আবুল বাছেত, মছির আলী, ওয়াজেদ আলীসহ ৪০ থেকে ৫০ জন অভিযোগকারীর ওপর হামলা চালান। এতে মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন (৬৫), হাসান আলীসহ (৬৪) পাঁচজন আহত হন।
মো. তৌফিক ইমাম জানান, তদন্ত শেষে পুলিশের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে গোলমালের কথা তিনি জেনেছেন।
হামলার বিষয়ে জানতে চাইলে চিরিরবন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মমিনুল ইসলাম কোনো মন্তব্য করেননি। তবে তিনি দাবি করেন, ইউএনওর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি ভাতা প্রদান করে। অনিয়ম হলে তিনি একা নন, সবাই জড়িত।