চিরিরবন্দরে হামলায় পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের বলাই বাজার এলাকায় হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ ও টাকা-পয়সা লুটের ঘটনায় মামলা করেছে পুলিশ।৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে গত শনিবার মামলাটি করেন চিরিরবন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমিনুল হক। গতকাল পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার প্রতিবাদে গতকাল সারা দিন বলাই বাজারে মিছিল করেছেন লোকজন। তাঁরা শনিবারের হামলার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাংসদ এ এইচ মাহমুদ আলী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের দুঃখ-দুর্দশা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। দুপুর ১২টার দিকে বলাই বাজারে অনুষ্ঠিত এক সভায় সাংসদ হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলামও আসামিদের অবশ্যই গ্রেপ্তার করা হবে বলে জানান। ঘটনার ব্যাপারে জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।পুলিশ সুপার মো. ময়নুল হোসেন বলেন, এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি সদস্যরা এলাকা পাহাড়া দিচ্ছে।