চিরিরবন্দরে ৩০ বাড়িতে আগুন, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি মসজিদ নির্মাণে বাধা দেওয়ায় গতকাল শনিবার হিন্দু সম্প্রদায়ের ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় হামলায় কমপক্ষে ৫০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। এ ছাড়া শতাধিক গরু, ৫৫টি ছাগলসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। দায়িত্বে অবহেলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রশিদুল মোন্নাফ কবীরকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। এলাকাবাসী, পুলিশ ও উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সদরের ঘুঘরাতলী জামে মসজিদের ইমাম মো. আল আমিন কয়েক দিন ধরে প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্রে বলা হয়, সংখ্যালঘুরা উপজেলার ৬ নং অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বলাইবাজারের মসজিদ ভেঙে ফেলেছে। তিনি সেই মসজিদ নির্মাণের জন্য গতকাল সকাল সাতটায় জনতাকে বলাই বাজারে সমবেত হতে আহ্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও শুক্রবার রাত ১২টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বলাইবাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।কিন্তু ১৪৪ ধারা উপেক্ষা করে পার্বতীপুর, সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুরসহ বিভিন্ন এলাকা থেকে টেম্পো, রিকশাভ্যান, ট্রাক্টর, নছিমনসহ বিভিন্ন যানবাহনে করে লোকজন এসে গতকাল সকাল আটটা থেকে নয়টার মধ্যে বলাইবাজারে সমবেত হন। এ সময় তাঁরা মসজিদ নির্মাণ শুরু করেন। এতে হিন্দুরা বাধা দিলে তাঁরা বাজারের পূর্ব পাশে রাজাপুর কবিরাজ পাড়ায় হামলা চালান। তাঁরা হিন্দুদের ২৫টি বাড়ি ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন।বাধা দিতে গিয়ে তাঁদের হামলায় নীরেন চন্দ্র, সুধীর চন্দ্র, যোগেন্দ্র, মোহিনী রায়, ধীরেন্দ্র, ক্ষীরেন্দ্র, মণিবালা, শোভা রানী, সরস্বতী দেবী, পুতুল রানীসহ কমপক্ষে ৫০ জন আহত হন। গুরুতর আহত প্রকাশ রায়, তপন রায় ও ভবেশ রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুপুর ১২টায় ৫ নং আবদুলপুর ইউনিয়নের মাঝাপাড়ায় তাঁরা দ্বিতীয় দফা হামলা চালান। তাঁরা প্রকাশ রায়, দেবীচরণ রায়, কৃষ্ণপদ রায়, চিকিৎসক দশরথ রায়, রায়চরণ রায় ও শিব রায়ের বাড়িতে আগুন ধরিয়ে দেন।পরে দুপুর ১২টায় পুলিশের ডিআইজি বিনয় কৃষ্ণ বালা ঘটনাস্থলে আসেন। তিনি হিন্দুদের শান্ত থাকার অনুরোধ করেন। এ সময় হিন্দুরা পুলিশের বিরুদ্ধে হামলাকারীদের রক্ষা ও সহায়তা করার অভিযোগ করেন। তিনি অভিযোগ তদন্ত করে দেখার প্রতিশ্রুতি দেন। হিন্দু নেতা প্রফুল্ল রায় ও ক্ষীতিশ রায় প্রথম আলোকে বলেন, ঘরের ভেতর থেকে সোনা-দানা, টাকাপয়সাসহ দামি জিনিসপত্র লুট করা হয় ও শতাধিক গরু ছাগল নিয়ে যাওয়া হয়। যেখানে মসজিদ করার উদ্যোগ নেওয়া হয়েছে, অতীতে সেখানে মন্দির ছিল। এ কারণে মসজিদ নির্মাণে আপত্তি জানান হিন্দুরা। হিন্দুরা জানান, বলাইবাজারের রাস্তার পূর্ব পাশে একটি মার্কেটের মালিক অধ্যাপক হামিদা বানু চৌধুরী। তিনি ২০০৬ সালে মার্কেট নির্মাণের সময় কিছু জায়গা ফেলে রাখেন। পরে কতিপয় লোকের উসকানিতে তিনি সেখানে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দেন।অধ্যাপক হামিদা বানু চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি পৈতৃক সূত্রে ওই জমির মালিক। এলাকাবাসীর দাবির মুখে তিনি সেখানে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিজুল ইসলাম বলেন, ইউএনও মো. রশিদুল মোন্নাফ কবীরকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা, দুটি শাড়ি, দুটি লুঙ্গি ও ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল মালেককে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দুই প্লাটুন দাঙ্গা পুলিশ, বিজিবির সদস্য, র‌্যাব সদস্য ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে।এ ঘটনায় দিনাজপুরের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, খালিদ মাহমুদ চৌধুরী, ইকবালুর রহিম, এ এইচ মাহমুদ আলী প্রমুখ তীব্র নিন্দা জানিয়েছেন।