চিরিরবন্দরের শিরিন পাচ্ছে শান্তি পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু অধিকার নিয়ে কাজ করায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কলেজশিক্ষার্থী শিরিন শীলা ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ’-এর (আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার) জন্য মনোনীত হয়েছেন।

ইছামতি ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী শিরিন শীলা আজ বুধবার প্রথম আলোকে বলেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী আসমা আনোয়ার তন্দ্রা মুঠোফোনে তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ার বিষয়টি জানান।

নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ‘কিডস রাইটস ফাউন্ডেশন’ এই পুরস্কার দেয়। নারীশিক্ষা আন্দোলনের কর্মী আফগানিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই ২০১৩ সালে এ পুরস্কার পেয়েছিলেন।

আসমা আনোয়ার প্রথম আলোকে বলেন, কিডস রাইটস ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক ইলেনভ্রন হফ গতকাল মঙ্গলবার বিকেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে চিঠি পাঠিয়ে শিরিনের মনোনীত হওয়ার বিষয়টি জানান। শিরিনের মনোনীত হওয়ার সনদপত্রের কপিও চিঠিতে সংযুক্ত করে পাঠিয়েছেন তিনি। আগামী ১৫ নভেম্বর প্রাথমিকভাবে মনোনীত বিশ্বের ১২০ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে তিনজনের নাম ঘোষণা করবে কিডস রাইটস ফাউন্ডেশন। সেখান থেকে একজনকে দেওয়া হবে এ পুরস্কার।

শিরিন শীলার বাড়ি চিরিরবন্দর উপজেলার নশরতপুর বালাপাড়া গ্রামে। তিনি ২০১৫ সালে নশরতপুর রহমানিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেছেন।

উল্লেখ্য, কিডস রাইটস ইন্টারন্যাশনাল নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত। সংস্থাটি কর্তৃক প্রবর্তিত চিলড্রেনস পিস প্রাইজ-কে শিশুদের জন্য নোবেল পুরস্কার হিসেবে গণ্য করা হয়ে থাকে।