চিলমারী উলিপুর তারাগঞ্জে ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালবৈশাখীতে উলিপুরের বজড়া ইউনিয়নের বজড়া এলাকায় রাস্তায় এসে পড়ে একটি দোকান। ছবিটি গতকালের l প্রথম আলো
কালবৈশাখীতে উলিপুরের বজড়া ইউনিয়নের বজড়া এলাকায় রাস্তায় এসে পড়ে একটি দোকান। ছবিটি গতকালের l প্রথম আলো

কুড়িগ্রামের চিলমারী ও উলিপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে জমির ফসল, গাছপালা, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ঘরের চালা উড়ে যাওয়ায় অনেক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে। এদিকে রংপুরের তারাগঞ্জে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঝড় ও শিলাবৃষ্টি হয়।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গতকাল ভোরে ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার পাঁচটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের ১১টি খুঁটিসহ অসংখ্য ঘরবাড়ি, গাছপালা পড়ে গেছে। অধিকাংশ জমির ধান মাটিতে শুয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য মাঠপর্যায়ে কাজ চলছে।
অপরদিকে গত বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে চিলমারী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে থানাহাটের মাছাবান্দা, সবুজপাড়া, নয়ারহাটের বজড়া, দিয়ার খাতা, খেরুয়া, অষ্টমীরচরের মাইচবাড়ী, মুদাফৎকালিকাপুর, রমনার পাত্রখাতা, বাঁধরাস্তা, রানীগঞ্জ, চিলমারী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার প্রায় কয়েক শ বাড়িঘর লন্ডভন্ডসহ ধান ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
অষ্টমীরচর ইউপি চেয়ারম্যান আবু তালেব বলেন, ‘আমার এলাকায় শত শত বাড়িঘর লন্ডভন্ড হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।’
রমনা মডেল ইউপি চেয়ারম্যান আজগর আলী বলেন, ঝড়ে তাঁর ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় গত বুধবার রাত থেকে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম বলেন, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।
এদিকে রংপুরের তারাগঞ্জে গতকাল ভোরে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার উপজেলার ৫টি ইউনিয়নে ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে।
গতকাল একরচালি ইউনিয়নের মাটিয়ালপাড়া গ্রামের জিন্নুর রহমান, বুড়িরহাট গ্রামের মুরাদ হোসেন, চিকলী গ্রামের মিজানুর রহমান, হাড়িয়ারকুঠি গ্রামের সেকেন্দার আলীসহ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, ভোরে ১০ মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে হাড়িয়ারকুঠি, ইকরচালী, সয়ার আলমপুর ও কুর্শা ইউনিয়নের উঠতি বোরো ধান ও পাটখেতের ক্ষতি হয়।
হাড়িয়ারকুঠি ইউনিয়নের হাড়িয়ারকুঠি গ্রামের কৃষক সোনা মিয়া বলেন, এবার বোরো মৌসুমে ৫০ শতাংশ জমিতে ধান আবাদ করেছেন তিনি। কিন্তু গতকালের শিলাবৃষ্টিতে ধানের গোছাগুলো মাটিতে নুয়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান ঝরে গেছে।
সয়ার ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আজম বলেন, ১০ মিনিটের ওই শিলাবৃষ্টিতে উঠতি বোরো ধান শিষ থেকে ঝরে গেছে। আম, লিচুর ক্ষতি হয়েছে। বৃষ্টির সময় শিলা পড়ার তীব্রতা এত বেশি ছিল যে পুরোনো টিন ছিদ্র হয়ে ঘরে শিলা ঢুকে পড়ে।
কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, হঠাৎ শিলাবৃষ্টি হওয়ায় বোরো ধান, আম, লিচুর কিছুটা ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।