চিলমারীতে আগুনে পুড়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম চিলমারী উপজেলার মাচাবান্ধা নামাচর গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে এক স্কুলছাত্র মারা যায়। ওই স্কুলছাত্রের নাম লিজু (১০)। সে নামাচর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও মাচাবান্ধা নামাচর গ্রামের আবদুল মজিদের ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল মজিদের বাড়িতে বৃহস্পতিবার রাত নয়টার দিকে কুপির বাতি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। উলিপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সব পুড়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে লিজু মারা যায়।এ ব্যাপারে আবদুল মজিদ জানান, আগুনে পুড়ে তাঁর ছেলে মারা গেছে। এ ছাড়া তাঁর নয়টি ছাগল, ৩০টি হাঁস-মুরগি ও ১১০টি কবুতর অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। সব মিলিয়ে তাঁর প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, উলিপুর থেকে দূরে হওয়ায় এবং বড় সড়ক না থাকায় ঘটনাস্থলে যেতে দেরি হয়েছে। তাঁরা সেখানে পৌঁছানোর আগেই গৃহকর্তার ছেলে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন-উল হাসান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবে।