চিলমারীর অভাবীদের জন্য চালের কেজি ৬০ টাকা!
কুড়িগ্রামের বিভিন্ন চরে বাকিতে প্রতি কেজি চাল ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের অভাবের সুযোগ নিয়ে একশ্রেণীর ব্যবসায়ী বাকিতে চড়া দামে চাল বিক্রি করছেন। অথচ স্থানীয় বাজারগুলোতে নগদে এক কেজি চাল বিক্রি হচ্ছে ২০-২৪ টাকায়।চিলমারী উপজেলার বিভিন্ন চরাঞ্চল ঘুরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পর পর তিনবারের বন্যায় চরবাসীর মেরুদণ্ড ভেঙে গেছে। জমিগুলো এখন ফসলশূন্য। এলাকায় কাজ নেই। মানুষের ঘরে খাবার নেই। চিলমারী ইউনিয়নের করাই বরিশাল গ্রামের দেড় হাজার পরিবারের বেশির ভাগই দিনমজুর। গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম বলেন, ‘দুই সপ্তাহ আগে জোড়গাছ বাজারের একজন ব্যবসায়ীর কাছ থেকে ৪০ টাকা কেজি দরে বাকিতে ২০ কেজি চাল নিয়েছি। পৌষ মাসে পরিশোধ করতে হবে।’ তিনি জানান, এক মাসের বাকিতে এক কেজি চাল ৩৪ টাকা, দুই মাসে ৪০ টাকা ও চার মাসের বাকিতে প্রতি কেজি চাল ৬০ টাকায় বিক্রি হচ্ছে।একই গ্রামের জয়নাল, রশিদ, গোলাম, ওহাব একই রকম কথা জানান। তাঁদের পরিবারের সদস্যরা বলেন, মানুষ ঈদের সময় কত আনন্দ করে, আর তাঁরা খাবার জোগাড়ের চিন্তায় ব্যস্ত। মনোয়ারা বেগম (৩৫) বলেন, ‘ঘরে একনা দানা নাই। ঠেকাত পরি দেওয়ানিক ধরি ৫০ কেজি চাল বাকিত আনছি। চৈত মাসে তিন হাজার ট্যাকা দেওয়া নাগবে। মহাজন ঠেকা বুঝি দাম নেয়। যার যত অভাব তার চালের দাম তত বেশি।’ চিলমারী ইউনিয়নের বিষের চরের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের স্ত্রী বানেচা বেগম (৪৫) বলেন, ‘খালি হামরা নোয়াই, চরের সবাই বাকি খাচ্ছে।’ মানুষের অভাবের সুযোগে চিলমারীর জোড়গাছ বাজারের অনেক ব্যবসায়ী চড়া দামে বাকিতে চাল বিক্রি করছেন। বিষের চরের কলিম উদ্দিন বলেন, ‘দুইবার আবাদ খায়া গেইছে। সুদের ওপর টাকা দিয়া আবাদ করছিলাম। সেই সুদের টাকা শোধ করা কঠিন হয়া গেছে। তার ওপর চড়া দামে বাকিতে চাল কিনে খাওয়া নাগছে।’চিলমারী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আঙ্গুর মিয়া জানান, অভাবে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। মানুষ সুদে টাকা নিতে ও বেশি দামে চাল কিনে খেতে বাধ্য হচ্ছে। ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। চরের মানুষ দাদন নিয়ে চলছে। বেশি দামে চাল কিনছে জোড়গাছ বাজারে সাজু মিয়া, ধলু মেম্বার, আমিন ব্যাপারীসহ অনেকের কাছ থেকে। চৈত্র মাসে দেনা শোধ করবে।চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন-উল-হাসান জানান, এখনকার চেয়ে যারা আগে দাদন নিয়ে ধান চাষ করেছিলেন, তাঁরা বেশি সমস্যায় পড়েছেন। আগের দাদনের টাকা তাঁরা শোধ করতে পারছেন না, আবার নতুন করে দাদন নিতে হচ্ছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কাজের বিনিময়ে খাদ্য ও ১০০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।