চিলমারীর ওসি প্রত্যাহার পুলিশের শটগান উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনকে কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।এদিকে গত বৃহস্পতিবার রাতে সংঘর্ষের সময় পুলিশের লুট হওয়া শটগানটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চিলমারী থানার উপপরিদর্শক (এসআই) আবু মুসা বলেন, গতকাল রোববার ভোরে চিলমারী থানাহাট বাজারের কাছে নির্মাণাধীন একটি ভবনের বালুর নিচ থেকে শটগানটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র জানায়, শনিবার বিকেলে স্থানীয় সাংসদ জাকির হোসেনের মধ্যস্থতায় পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া শটগান ফেরত দেয় হামলাকারীরা।ওই দিন রাতে এক সংবাদ সম্মেলনে সাংসদ জাকির হোসেন চিলমারীর সাম্প্রতিক ঘটনার জন্য চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী এবং কুড়িগ্রামের একজন সংসদ সদস্যকে দায়ী করেন। সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান আজাদ জামান চেয়ারম্যান শওকতকে চিলমারীতে অবাঞ্ছিত ঘোষণা করেন।এর প্রতিক্রিয়ায় চেয়ারম্যান শওকত আলী বলেন, ‘আমি সব সময় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করি বলেই ফেনসিডিল বিক্রেতা একদল কর্মী হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে হামলাসহ বিভিন্ন অপচেষ্টা অব্যাহত রেখেছে। আর তাদের মদদ দিচ্ছেন সাংসদ জাকির হোসেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।’