কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অভাবে গত শুক্রবার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল শনিবার কুড়িগ্রামের সিভিল সার্জন ও রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি শান্ত করেন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে দুজন চিকিৎসক নিয়োগ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহকে বদলির নির্দেশ দিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ ২৫টি। বর্তমানে সবগুলো পদ শূন্য। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ হাসপাতাল চত্বরে অবস্থান না করে নিজ বাড়ি উলিপুরে থাকেন; নিয়মিত ও সঠিক সময়ে হাসপাতালে আসেন না। ফলে রোগীরা নানা ভোগান্তির শিকার হন। শুক্রবার সকাল ১০টার দিকে মণ্ডলপাড়া গ্রামের আবদুল বারীর ছেলে আসাদুল হক (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রায় দুই ঘণ্টায়ও কোনো চিকিৎসা না দেওয়ায় তিনি মারা যান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন হাসপাতালের দরজা-জানালা ও আসবাপত্র ভাঙচুর করেন। পরে তাঁরা সড়ক অবরোধ ও লাশ নিয়ে মিছিল করেন।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম জানান, এ ব্যাপারে কর্তব্যে অবহেলায় মৃত্যুর অভিযোগে মোতাছিম বিল্লাহকে আসামি করে শুক্রবার আসাদুলের ভাতিজা মোখলেসুর রহমান মামলা করেন। পরে মোতাছিম বিল্লাহ সরকারি সম্পদ নষ্টের অভিযোগে ছয়জনকে আসামি করে ওই দিনই একটি মামলা করেন।
গতকাল সকাল সাড়ে ১০টায় রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) শাহাদত হোসেন, কুড়িগ্রামের সিভিল সার্জন লোকমান হাকিম, চিলমারী উপজেলা পরিষদের চেয়াম্যান শওকত আলী বীর বিক্রম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ মামুন-উল-হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় আসাদুলের স্বজন ও স্থানীয় বাসিন্দারা মোতাছিম বিল্লাহর শাস্তি ও বদলির দাবি জানান। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) প্রথম আলোকে জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে দুজন চিকিৎসক নিয়োগ ও মোতাছিম বিল্লাহকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে মোতাছিম বিল্লাহ বলেন, ‘আমি ছুটিতে আছি। কিছুই জানি না। সরকারি সম্পদ রক্ষায় মামলা করেছি।’