চিলাহাটি উপজেলা ও স্থলবন্দর বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
চিলাহাটিকে উপজেলা ঘোষণা ও স্থলবন্দর বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। চিলাহাটি উপজেলা বাস্তবায়ন কমিটি এসব কর্মসূচি পালন করেছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিলাহাটি চৌরাস্তায় মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার পাঁচ সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় চিলাহাটি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ভোগডাবুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী প্রামাণিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কেতকীবাড়ী ইউপির চেয়ারম্যান জহুরুল হক, নাজমুল আলম, তারিক আকরাম, এটিএম জাফর সিদ্দিকী, আবুল কালাম আজাদ, আজাদুল হক প্রমুখ। বক্তারা আগামী ১২ অক্টোবর নীলফামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় চিলাহাটিকে উপজেলা ও চিলাহাটি স্থলবন্দর ঘোষণার দাবি জানান। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গত ১৯ জুন চিলাহাটি স্থলবন্দর এলাকা পরিদর্শন করে চিলাহাটি কলেজ মাঠে জনসভায় চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়নের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। আন্দোলনকারীরা ডোমার উপজেলার ভোগডাবুরী, কেতকীবাড়ী, জোড়াবাড়ী ও গোমনাতী ইউনিয়নকে নিয়ে চিলাহাটি উপজেলা গঠনের দাবি জানিয়েছেন।