চিলাহাটি-ঢাকা রেল চলাচল আজ শুরু
দীর্ঘ প্রতীক্ষার পর আজ বুধবার থেকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে ঢাকার পথে যাত্রা শুরু করতে যাচ্ছে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন। রেলমন্ত্রী মো. মুজিবুল হক চিলাহাটি স্টেশনে বেলা ১১টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
রেলওয়ে সূত্র জানায়, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মনসুর আলী সিকদারের সভাপতিত্বে রেলস্টেশন চত্বরে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পঞ্চগড়-২ আসনের সাংসদ নূরুল ইসলাম, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দীন সরকার প্রমুখ।
স্থানীয় কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে তাঁরা চিলাহাটি থেকে সরাসরি ঢাকা পথে রেল চলাচলের দাবি জানিয়ে আসছিলেন। ওই দাবিতে মানববন্ধন, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, নীলফামারী প্রেসক্লাব, চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন কমিটিসহ বিভিন্ন সংগঠন।
২০০৭ সালের ১ ডিসেম্বর আন্তনগর নীলসাগর একপ্রেস ট্রেন নীলফামারীর সৈয়দপুর থেকে যাত্রা শুরু করে। এরপর স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূরের প্রচেষ্টায় ২০১০ সালে ২২৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প করা হয়। এর মাধ্যমে সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত পথ আন্তনগর ট্রেন চলাচলের উপযোগী করা হয়।
ডোমার রেলস্টেশনের মাস্টার মাহবুবার রহমান জানান, রেলওয়ের সময়সূচি অনুযায়ী রাত ৯টা ৪০ মিনিটে চিলাহাটি থেকে ছাড়বে নীলসাগর এক্সপ্রেস। এতে চিলাহাটি স্টেশনের জন্য ২০টি সাধারণ ও দুটি শীতাতপনিয়ন্ত্রিত আসন (এসি বার্থ) এবং ডোমার স্টেশনের জন্য ১০টি সাধারণ আসন বরাদ্দ দেওয়া হয়েছে।