চিলাহাটি পর্যন্ত নীলসাগর চলাচলের দাবি

নীলফামারীর ডোমারে দুই সাংসদের উদ্বোধন নিয়ে দ্বন্দ্বের কারণে চিলাহাটি-ঢাকা পথে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ হয়ে গেছে। শিগগির ওই পথে ট্রেনটির চলাচলের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ডোমার উপজেলা শহরে মানববন্ধন করেছেন সাধারণ মানুষ।
আন্দোলনকারীদের দাবি, কোনো উদ্বোধন নয়, তাঁরা চিলাহাটি থেকে সরাসরি ঢাকা পর্যন্ত ট্রেনটির চলাচল দেখতে চান।
ডোমার রেলঘুমটি এলাকায় দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত চলা মানববন্ধনে বক্তব্য দেন ডোমার উপজেলা সেচপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ব্যবসায়ী নুরুজ্জামান, আতিয়ার রহমান, মোস্তফা ফিরোজ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ট্রেনটি ১০ জুলাই থেকে চিলাহাটি-ঢাকা চলাচলের কথা থাকলেও উদ্বোধন নিয়ে ডোমার-ডিমলার দুই সাংসদের দ্বন্দ্বের কারণে তা আটকে গেছে। ঈদের আগে ট্রেনটি চালু করা না হলে কঠোর আন্দোলনের হুমকিও দেন তাঁরা।
নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা ট্রেনটির জন্য দীর্ঘদিন আন্দোলন, সংগ্রাম করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারীতে ২০১১ সালের এক জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটার উদ্বোধন নিয়ে কোনো নাটক দেখতে চাই না। আমরা চাই, ট্রেনটি শিগগির চালু হোক।’
নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি বুধবার রেলমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছি। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব ট্রেনটি চালু করা হবে। প্রয়োজনে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই চালু করা হবে।’
প্রসঙ্গত, বর্তমানে ট্রেনটি নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকা পর্যন্ত চলাচল করছে। ১০ জুলাই থেকে এটি চিলাহাটি থেকে ঢাকায় চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন হয়।
এলাকাবাসীর অভিযোগ, সংরক্ষিত আসনের সাংসদ হামিদা বানু (আওয়ামী লীগ) ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে ট্রেনটি চিলাহাটিতে উদ্বোধন করবেন বলে দলের পক্ষে ডোমার ও চিলাহাটিতে মাইকিং করা হয়। একইভাবে কোনো প্রচারণা না চালালেও চিলাহাটিতে ট্রেনটির উদ্বোধন করার জন্য নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ (জাতীয় পার্টি) জাফর ইকবাল সিদ্দিকীর ১০ জুলাই সকালে নীলসাগরে চড়ে ঢাকা থেকে চিলাহাটি আসার কথা ছিল।