চিলাহাটি যাবে নীলসাগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ জুলাই থেকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তনগর নীলসাগর ট্রেনের চলাচল শুরু হতে যাচ্ছে। গত রোববার থেকে ট্রেনটি পরীক্ষামূলকভাবে চিলাহাটিতে পৌঁছায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, ১০ জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচলে গ্রীষ্মকালীন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ওই দিন সৈয়দপুর-ঢাকা পথে চলাচলকারী নীলসাগর আন্তনগর ট্রেনটিরও নতুন গন্তব্য নির্ধারণ করা হয়েছে চিলাহাটি পর্যন্ত। সময়সূচি অনুযায়ী ১০ জুলাই রাত নয়টা ২০ মিনিটে নীলসাগর ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে যাবে। ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে পরদিন সকাল সাতটা ৫০ মিনিটে। ট্রেনটি ওই দিন সকাল আটটা ২০ মিনিটে ঢাকা থেকে রওনা হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় চিলাহাটি পৌঁছাবে।
পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, রোববার নীলসাগরের ১০টি বগি ও একটি ইঞ্জিন নিয়ে তিনি চিলাহাটি পর্যন্ত ট্রেনটির পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করেছেন। তিনি আশা করছেন, ১০ জুলাই থেকে ট্রেনটি চিলাহাটি, ডোমার, নীলফামারী এবং সৈয়দপুর হয়ে ঢাকায় চলাচল করবে। চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু মুসা মাহমুদুল হক বলেন, ‘চিলাহাটি থেকে সব ট্রেন চালুর ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। খবরটি এ এলাকার মানুষের জন্য আনন্দের।’
সৈয়দপুর রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মকবুল হোসেন জানান, সৈয়দপুর চিলাহাটি সেকশনের রেলপথ উন্নয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। চিলাহাটিতে স্টেশন সংস্কার ও ওয়াশপিট নির্মাণের কাজও শেষ হয়েছে। কাজেই এই পথে দূরপাল্লার ট্রেন চলাচলে আর কোনো ঝুঁকি নেই।