চিলাহাটি স্টেশনের সময়সূচি থেকে বাদ পড়েছে নীলসাগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা পথে সরাসরি চলাচলের দাবির মধ্যে চিলাহাটি স্টেশনের সময়সূচি থেকে বাদ দেওয়া হয়েছে নীলসাগরের এক্সপ্রেস ট্রেনের নাম। অথচ ট্রেনটি চলাচলের জন্য চিলাহাটি স্টেশনে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে৷
নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, এত দিন রেললাইন সংস্কার ও রেলের প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে ট্রেনটি চালু করা যাচ্ছে না বলে রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষ অজুহাত দেখাচ্ছিল। এখন চিলাহাটিতে যাবতীয় স্থাপনার কাজ শেষ পর্যায়ে। এই মুহূর্তে সময়সূচি থেকে নীলসাগরের নাম বাদ দেওয়ার বিষয়টি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। এটা নীলফামারীবাসী মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি৷
রেলওয়ে সূত্রমতে, গত বছরের ১০ জুলাই থেকে ট্রেনটির চিলাহাটি চলাচলের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়। এর অংশ হিসেবে গ্রীষ্মকালীন সময়সূচিতে ডোমার ও চিলাহাটি স্টেশনে আসন বণ্টন ও ৮ জুলাই চিলাহাটি থেকে ঢাকা পথে পরীক্ষামূলক যাত্রাও সম্পন্ন করে। কিন্তু পরবর্তী সময়ে দুই সাংসদের দ্বন্দ্বের কারণে ট্রেনের চলাচল আর শুরু করা যায়নি৷ অথচ চিলাহাটি থেকে নীলসাগর চলাচলের জন্য আট বছর ধরে আন্দোলন করে আসছে নীলফামারীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ৷
চিলাহাটির স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, নীলসাগর ট্রেনটি চালুর ব্যাপারে গত বছরের দেওয়া সময়সূচি, ভাড়া ও টিকিট সবই ঠিক ছিল। তবে ১০ জুলাই ট্রেনটি চালু না হওয়ায় নতুন করে চালুর ব্যাপারে লিখিত বা মৌখিক কোনো নির্দেশনা তাঁরা পাননি৷ সর্বশেষ গত ১৫ জুন নতুন করে তৈরি করা সময়সূচিতে চিলাহাটি থেকে ঢাকা আন্তনগর নীলসাগর, চিলাহাটি থেকে রাজশাহী পর্যন্ত আন্তনগর বরেন্দ্র নেই। অবকাঠামো নির্মাণ হওয়ায় এখন চিলাহাটি থেকে আন্তনগর ট্রেন চলাচলে তেমন কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘চিলাহাটি থেকে নীলসাগর চালু করার ব্যাপারে এ পর্যন্ত চারবার রেলের মহাপরিচালকের কাছে গিয়েছি। তিনি আমাকে কথা দিয়েছেন শিগগিরই ট্রেনটি চালু করা হবে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও ট্রেনটি চালুর ব্যাপারে চেষ্টা অব্যাহত রেখেছেন।’