চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন, নীলসাগর ট্রেন চালুর দাবি
নীলফামারীর ডোমার শহরের প্রধান সড়ক অবরোধ ও মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। উপজেলা সদরের ১১ কিলোমিটার একটি কাঁচা রাস্তা পাকাকরণ, চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন ও চিলাহাটি পর্যন্ত আন্তনগর নীলসাগর ট্রেন চালুর দাবিতে গতকাল বৃহস্পতিবার সর্বস্তরের জনতা এই কর্মসূচি পালন করে।আন্দোলনকারীরা জানান, ডোমার জনতা ব্যাংক থেকে উত্তরে শিয়ালডাঙ্গা বাজার হয়ে শুকানপুকুর পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় জোড়াবাড়ী, গোমনাতি ও বোড়াগাড়ী ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসীর দাবির মুখে ২০০২ সালে এই সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এক কিলোমিটার পাকাকরণের পর বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে তা বন্ধ হয়ে যায়। একইভাবে চিলাহাটিতে স্থলবন্দর বাস্তবায়ন ও চিলাহাটি-ঢাকা নীলসাগর ট্রেনটি চালুর দাবি করা হয়। কর্মসূচি চলাকালে এলাকাবাসীর মধ্যে বক্তৃতা করেন মদন মোহন, জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, শফিকুল ইসলাম, গোলাম কুদ্দুস আয়ুব, বায়জিত হোসেন প্রমুখ।