চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা নেই
নীলফামারীর চিলাহাটিতে স্থলবন্দর বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা নেই। নীলফামারীতে উত্তরা ইপিজেড, সৈয়দপুরের রপ্তানিযোগ্য গার্মেন্টস সামগ্রী, চিলাহাটি পর্যন্ত রেল ও সড়ক যোগাযোগ—সবই আছে। তাই এখানে স্থলবন্দর হওয়া জরুরি। এতে অনুন্নত এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সরকারের রাজস্ব আয় অনেকাংশে বৃদ্ধি পাবে। এ পথে ভারত, ভুটান ও নেপালের সঙ্গে যোগাযোগ সহজ হবে।ডোমার উপজেলার চিলাহাটিতে অবস্থিত চিলাহাটি শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণার বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য এলাকা পরিদর্শন করে গতকাল বুধবার বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) উপসচিব মফিদুল ইসলাম এই মন্তব্য করেন।সকালে চিলাহাটি সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান মিঞা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীন, কলেজের প্রতিষ্ঠাতা আ ত ম জহুরুল ইসলাম, অধ্যক্ষ জগদীশ চন্দ্র রায়, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাহিদ মাহমুদ, আবু মুসা মাহমুদুল হক, আইয়ুব আলী, ভোগডাবুরী ইউপি চেয়ারম্যান মুরাদ আলী প্রামাণিক প্রমুখ। পরে পরিচালক এলাকা পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গেও মতবিনিময় করেন।ডোমার উপজেলা সদর থেকে ১৯ কিলোমিটার দূরে ভোগডাবুরী ইউনিয়নের একটি মৌজার নাম চিলাহাটি। ১৯৪৭ সালে দেশভাগের আগে পর্যন্ত চিলাহাটি একটি প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র ছিল। উত্তরা ইপিজেডে বিদেশি বিনিয়োগকারীদের পরিবহনসুবিধা দিয়ে বিনিয়োগে আকৃষ্ট করতে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী সমিতি চিলাহাটি স্থলবন্দর প্রতিষ্ঠার জোর দাবি জানিয়ে আসছে।সূত্রমতে, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের আগে পর্যন্ত এ পথে ভারতের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ সচল ছিল। পরে রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হলেও চেকপোস্ট ও ইমিগ্রেশন এখনো চালু রয়েছে। চিলাহাটী পর্যন্ত চলাচল করছে চারটি ট্রেন।ভারত-বাংলাদেশ রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে ১৯৯৭ সালের শেষ দিকে চিলাহাটী থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রেল যোগাযোগ পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ অংশে ৮ দশমিক ১০ কিলোমিটার রেললাইন স্থাপনের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও প্রায় ১৪ বছরেও এ অর্থের হদিস মেলেনি।চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু মুসা মাহমুদুল হক বলেন, স্থলবন্দর বাস্তবায়িত হলে ভারতসহ নেপাল ও ভুটান পর্যন্ত ব্যবসা প্রসারিত হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কমপক্ষে ৫০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।চেম্বার সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, স্থলবন্দর হলে পণ্য আমদানি-রপ্তানি এবং উত্তরা ইপিজেডে বিনিয়োগ বাড়বে এবং এতে বছরে রাজস্ব আয় হবে কমপক্ষে এক শ কোটি টাকা।