চিলাহাটি-হলদিবাড়ী স্থলবন্দর চালুর দাবি ভারতীয়দেরও
ভারতীয় নাগরিকেরাও চিলাহাটি-হলদিবাড়ী স্থলবন্দর, আন্তর্জাতিক চেকপোস্ট ও দুই দেশের মধ্যে রেলযোগাযোগ চালুর দাবি জানিয়েছেন। গত সোমবার নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি-হলদিবাড়ী সীমান্তে দুই দেশের মানুষের মিলনমেলায় তারকাঁটার বেড়ার ওপারে প্লাকার্ড ও পাসপোর্ট হাতে নিয়ে এ দাবি জানান ভারতীয় নাগরিকেরা।
বাংলাদেশের নাগরিকদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ১৯ জুন চিলাহাটিতে এক জনসভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান চিলাহাটিতে শুল্ক স্টেশনের উদ্বোধন ঘোষণা করে এক বছরের মধ্যে স্থলবন্দর ঘোষণার প্রতিশ্রুতি দেন। সে অনুযায়ী চিলাহাটি স্থলবন্দরের স্থান নির্ধারণ করে জমি অধিগ্রহণের কাজও শুরু হয়। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের সাড়া না মেলায় সেটি আর বাস্তবায়িত হচ্ছে না।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে দুই দেশের নাগরিকেরা তাঁদের স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেন। এ সময় ভারতীয় অংশে অনেক স্বজনের হাতে প্লাকার্ড দেখা যায়। তাতে ছিল স্থলবন্দর, আন্তর্জাতিক পাসপোর্ট রুট ও রেলযোগাযোগ চালুর দাবি।
এ সময় ভারতের হলদিবাড়ী থানার অধিবাসী ও হলদিবাড়ী স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক সমশের আলী বলেন, ১৯৬৫ সাল পর্যন্ত চিলাহাটি-হলদিবাড়ী স্থলবন্দরটি চালু ছিল। পাকিস্তান-ভারত যুদ্ধের পর বন্ধ হয় বন্দরটি। এরপরও চালু ছিল ইমিগ্রেশন কেন্দ্র। অতি সহজে দুই দেশের মানুষ বৈধ এ পথে চলাচল করত। কিন্তু ২০০২ সালে ইমিগ্রেশনও বন্ধ হয়ে যায়। দুই দেশের মানুষের চলাচলের সুবিধার্থে পুনরায় ইমিগ্রেশন, রেলযোগাযোগ ও স্থলবন্দর চালুর দাবি জানাচ্ছেন তাঁরা।
নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল আলম বলেন, ভারত সরকারের সিদ্ধান্তের ওপর বিষয়টি ঝুলে আছে।
চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি আবু মুসা মাহমুদুল হক বলেন, ‘আমরা চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়নের দাবিতে অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। এখন ভারতের নাগরিকেরাও একই দাবি জানাচ্ছেন। আমরা আশা করছি, দুই দেশের সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে।’
দুই দেশের সরকারের সদিচ্ছায় আলোচনার মাধ্যমে ৪১ বছরের ছিটমহল সমস্যার সমাধান হয়েছে, এটিও হওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের রংপুর বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন।