রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত নতুন রেললাইন স্থাপন করে রেল যোগাযোগ চালু করা হবে। নীলফামারী বড়মাঠে উন্নয়ন মেলার দ্বিতীয় দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন রেল একটি নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম। এ কারণে ২০১১ সালে রেলপথ মন্ত্রণালয় গঠন করে রেলের আধুনিকায়নে কাজ শুরু করেছেন। এখন রেলের অনেক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রেলের আধুনিকায়নে ৪৬টি প্রকল্প বিদ্যমান। সৈয়দপুর রেলওয়ে কারখানায় ট্রেনের নতুন বগি নির্মাণের জন্য কারখানার আধুনিকায়নের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গত বছর চিলাহাটি থেকে সরাসরি ঢাকা আন্তনগর নীলসাগর চালু করা হয়েছে। এ মাসের ২৪ তারিখ থেকে ওই নীলসাগর নতুন লাল-সবুজ কোচ দিয়ে চলাচল করবে।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংসদ আফতাব উদ্দিন সরকার, মো. শওকত চৌধুরী ও সাংসদ সফুরা বেগম, রেলপথসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ।
পরে মন্ত্রী উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।