চিলাহাটিতে বিদ্যুতের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ও কেতকিবাড়ী ইউনিয়নের কৃষকেরা চিলাহাটিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় তাঁরা পল্লী বিদ্যুতের দুর্নীতির প্রতিবাদ জানান।কৃষকেরা জানান, ঘন ঘন লোডশেডিং হওয়ায় সেচ দিতে না পারায় বোরোখেত ফেটে চৌচির হয়ে গেছে। জমি শুকিয়ে যাওয়ায় প্রায় ১০০ বিঘা জমির বোরো ধানের চারা নষ্ট হয়ে গেছে। শনিবার সন্ধ্যায় বিদ্যুতের দাবিতে কৃষকেরা চিলাহাটি বাজারের মাদ্রাসা মাঠে সমাবেশ করেন। এতে ভোগডাবুরী ও কেতকিবাড়ী ইউনিয়ন সেচপাম্প মালিক সমিতির সভাপতি তকদিরুল আলম মন্টু সভাপতিত্ব করেন। এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সেখানে এসে সমবেত হয়। সমাবেশে বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ অর্থের বিনিময়ে অবৈধভাবে লাইন দেওয়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। এ কারণে কৃষকদের বোরোখেত শুকিয়ে চৌচির হয়ে গেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভোগডাবুরী ইউনিয়নে এ বছর বোরোর চাষ হয়েছে দুই হাজার ৬০০ হেক্টর জমিতে। এখানে বিদ্যুৎচালিত সেচপাম্প ৬৩০ এবং ডিজেলচালিত সেচপাম্পের সংখ্যা ৩২৫টি। কেতকিবাড়ী ইউনিয়নে বোরোর চাষ হয়েছে এক হাজার ১৫০ হেক্টর জমিতে। এখানে বিদ্যুৎচালিত সেচপাম্প ৩১০টি এবং ডিজেলচালিত সেচপাম্প ৭০০। উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, ওই এলাকায় বিদ্যুতের ঘাটতি ব্যাপক। এ অবস্থা আর ১৫-২০ দিন চললে মারাত্মক ক্ষতি হয়ে যাবে।পল্লী বিদ্যুৎ সমিতির নীলফামারী কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) এস এম হাবিবুর রহমান বলেন, আগে বিদ্যুতের চাহিদা ছিল ৩০ মেগাওয়াট। তাঁরা মাত্র আট মেগাওয়াট পেতেন। গত রাতে (শনিবার রাতে) চাহিদার পুরো বিদ্যুৎ পাওয়া যায়। এ কারণে রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত পুরো এলাকায় বিদ্যুৎ দিয়েছেন।