চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ গতকাল রোববার বেলা তিনটায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে।মিছিলটি খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকা থেকে শুরু হয়ে নারাঙহিয়া, কলেজগেট হয়ে চেঙ্গী স্কয়ারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি উপজেলা ইউনিটের সংগঠক চরণসিং তঞ্চঙ্গ্যা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক শিখা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহসাধারণ সম্পাদক অঙ্কন চাকমা প্রমুখ।একই দাবিতে বিকেল চারটায় গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়িতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি কলেজগেট এলাকা থেকে শুরু হয়ে পানছড়ি বাজারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে। এতে গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি থানা শাখার সভাপতি বরুণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সভাপতি বিবর্তন চাকমা ও সাধারণ সম্পাদক সুমেধ চাকমা বক্তব্য দেন।